আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুর পৌঁছেছেন
আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ)’র ত্রয়োদশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বুধবার কুয়ালালামপুর পৌছেছেন। শুক্রবার থেকে এ বৈঠক শুরু হচ্ছে।
বৈঠকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এআরএফ’র ২৬ তম সদস্য পদ লাভ করবে বলে আশা করা হচ্ছে।
মোর্শেদ খান মালয়েশিয়ার গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশ তার অভিজ্ঞতা ভাগাভাগি করার পাশাপাশি এআরএফ এ অবদান রাখতে চায়।
তিনি বৃহস্পতিবার অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও গণপ্রজাতান্ত্রিক কোরিয়া থেকে আসা অন্য পররাষ্ট্রমন্ত্রীদের সাথে সাক্ষাত করেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেক্সজান্ডার ডাউনার জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা এবং আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন। শিক্ষা খাতে অস্ট্রেলীয় সহযোগিতার বিষয় উল্লেখ করে মোরশেদ খান তার অস্ট্রেলীয় কাউন্টারপার্টকে বলেন, বর্তমানে বিপুলসংখ্যক বাংলাদেশী শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় অধ্যয়ন করছে এবং আগামী দিনগুলোতে এই সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।
থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ড. সুরাকিয়ারত সাথিরথাই বাংলাদেশের এআরএফ এ যোগদানের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। এছাড়া ড. সুরাকিয়ারত জাতিসংঘ মহাসচিব পদে তার প্রার্থীতার বিষয়েও পররাষ্ট্রমন্ত্রীকে অবগত করেন।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠককালে মোর্শেদ খান এআরএফ এ বাংলাদেশের অর্ন্তভূক্তির ক্ষেত্রে জোরালো সহায়তা করার জন্য সেদেশের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া বাংলাদেশ থেকে পুনরায় শ্রমিক নিয়োগ শুরু করার ব্যাপারে মালয়েশীয় সিদ্ধান্তেরও প্রশংসা করেন।
মোর্শেদ খান এআরএফ পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি বৃহস্পতিবার বিকেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ বিন আহমেদ বাদাইয়ির সাথেও সাক্ষাত করেন।
