২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাব ফয়জুন্নেছা হোস্টেলকে পূর্ণাঙ্গ হোস্টেলে রূপদানের দাবি জানিয়েছেন ছাত্রীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হোস্টেলকে পূর্ণাঙ্গ হোস্টেলে রূপদান এবং হোস্টেলটির প্রধান ফটক নির্মাণের দাবি জানিয়েছেন ছাত্রীরা। পাশাপাশি খারাপ আচরণের অভিযোগে ওয়ার্ডেন ও সহকারী ওয়ার্ডেনের পদত্যাগের দাবি জানিয়েছেন ছাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2006, 08:45 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

বৃহস্পতিবার ঢাবি সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই হোস্টেলের গবেষক ছাত্রীরা এসব দাবী উত্থাপন করেন। আন্দোলনের অংশ হিসেবে প্রতি রাতেই তারা হলে মিছিল-সমাবেশ করছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ছাত্রী রুমা খন্দকার। এসময় উপস্থিত ছিলেন ওই হোস্টেলের ছাত্রী শিল্পী রানী বিশ্বাস, মনোয়ারা বিশ্বাস, কাজী নিগার সুলতানা, নিলুফার ইয়াসমীন প্রমুখ।

তারা আরো জানান, এর আগে তাদের বিভিন্ন দাবী সম্বলিত একটি দরখাস্ত উপাচার্য বরাবর পাঠানো হয়েছে। উপাচার্য এ বিষয়টির দায়িত্ব দেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা আখতারকে। কিন্তু এর পরে এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

ছাত্রীরা জানান, হোস্টেলের মোট ছাত্রী সংখ্যা ১০৭ জন। বিশ্ববিদ্যালয়ের এমফিল, পিএইচডি গবেষক ছাত্রীরাই সাধারণত এখানে থাকেন। কিন্তু বর্তমানে হোস্টেলটিতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের উঠানোর প্রক্রিয়া চলছে উল্লেখ করে তারা একে অবৈধ বলে অভিহিত করেন। তারা আশঙ্কা করছেন, এর মাধ্যমে হোস্টেলটি পুরোপুরিই বাণিজ্যিকভাবে ব্যবহার করা শুরু হবে। তারা হোস্টেলের সব প্রশাসনিক কর্মকান্ডও হোস্টেলে করার দাবি জানান।