লেবানন থেকে ১৩২ বাংলাদেশী ফিরছেন রোববার
যুদ্ধকবলিত লেবানন থেকে প্রথম পর্যায়ে ১৩২ জন বাংলাদেশীকে রোববার ফিরিয়ে আনা হচ্ছে। দামেস্ক থেকে কাতার ও ইতিহাদ এয়ারলাইন্সের দুটি বিশেষ বিমানে করে রোববার তারা ঢাকায় পৌঁছাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়।
মন্ত্রণালয়ের বহিঃপ্রচার শাখার মহাপরিচালক জহিরুল হক সাংবাদিকদের জানান, দুটি ফ্লাইটে ১৩২ জন বাংলাদেশী রোববার সকালে ঢাকায় পৌঁছাবেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাত দিয়ে তিনি জানান, বৈরুত থেকে বাসে করে ২৮০ জন বাংলাদেশী সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা সিরিয়ার তারফুস শহরের কাফাসিফা আইওএম ক্যাম্পে আশ্রয় নেবেন এবং পরে সেখান থেকে শুক্রবার সকালে তাদের দামেস্কে নিয়ে আসা হবে।
দামেস্ক থেকে অবশিষ্ট ১৪৮ বাংলাদেশীকে ঢাকায় পৌঁছে দেওয়ার ব্যাপারেও আইওএম ইতিহাদ এয়ার লাইন্সের সাথে আলোচনা চালাচ্ছে বলে জানা গেছে।
