২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ভোটার তালিকার ২৫ শতাংশ হালনাগাদ সম্পন্ন: নির্বাচন কমিশনের দাবি

রাজধানীতে ৬ দিনে ভোটার তালিকার ২৫ শতাংশ হালনাগাদ সম্পন্ন হয়েছে বলে নির্বাচন কমিশন সচিবালয় দাবি করেছে। তবে মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে একেবারেই বিপরীত চিত্র দেখা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2006, 09:43 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

সচিব আব্দুর রশিদ সরকার বুধবার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের জানান, ক্যান্টনমেন্ট, সবুজবাগ এবং মতিঝিল থানা এলাকায় ভোটার তালিকার ৩০ শতাংশ হালনাগাদ করা হয়েছে। আজিমপুরে এ হার ৩৫ শতাংশ।

তিনি দাবি করেন, রাজধানীতে এ পর্যন্ত হালনাগাদের হার ২৫ শতাংশ।

কিন্তু বৈঠক অংশগ্রহণকারী মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা বলেছেন, প্রকৃত চিত্র মোটেও তা নয়।

তারা জানান, হালনাগাদ শুরু হওয়ার ৬ দিন পরও নির্বাচন কমিশন ফরম এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পাঠায়নি।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মাঠ পর্যায়ের কর্মকর্তারা প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্যে নির্বাচন কমিশনের কাছে অগ্রিম টাকা দাবি করেছে।

এক কর্মকর্তা বলেন, ভাতা পাওয়াই যেখানে অনিশ্চিত সেখানে আমরা জিনিসপত্র কেনার জন্যে কিভাবে টাকা খরচ করবো?

এ ব্যাপারে সচিব আব্দুর রশিদ সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, অর্থমন্ত্রী ইরান সফর শেষে ফিরে আসার পরপরই অর্থ মন্ত্রণালয় ভোটার তালিকা হালনাগাদের জন্যে টাকা বরাদ্দ করবে।

তিনি বলেন, হালনাগাদের জন্যে দরকার হলে সময় ও লোকবল দুটিই বাড়ানো হবে।