২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোষী সাব্যস্ত হলে সাংবিধানিক পদে নিয়োজিত ব্যক্তিদেরও বিচার ও শাস্তি হতে পারে: বিশেষজ্ঞদের অভিমত

আইন বিশেষজ্ঞরা বলেছেন, প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) বিভিন্ন সাংবিধানিক পদে নিযুক্ত ব্যক্তিরাও শপথ ভঙ্গ বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত হলে বিচার ও শাস্তির আওতায় আসতে পারেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2006, 08:34 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

সম্প্রতি থাইল্যান্ডের একটি আদালত গত এপ্রিলের নির্বাচনে শপথ ভঙ্গ করে ক্ষমতাসীনদের জন্যে পক্ষপাতমূলক আচরণের দায়ে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) তিন নির্বাচন কমিশনারকে চার বছরের কারাদণ্ড দেওয়ার পর বাংলাদেশের বিরোধী দলের পক্ষ থেকেও সিইসি’র বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে জনগণের অর্থ অপচয়ের জন্যে আইনগত ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

থাইল্যান্ডের বিরোধী দলবিহীন ওই নির্বাচনের মাধ্যমে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। এ কারণে সে দেশের রাজা সরকার ভেঙ্গে দেয় এবং আগামী ১৫ অক্টোবর নতুন সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করে। বিরোধী দলগুলোর বর্জনের মুখে নির্বাচন কমিশন ভোটারদের ভোট কেন্দ্রে নিতে ব্যর্থতা এবং ক্ষমতাসীন প্রধানমন্ত্রী থ্যাকসিন সিনাওয়াত্রার দলকে বিজয়ী করতে পক্ষপাতিত্ব করার অভিযোগে আদালত তাদের অভিযুক্ত করে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের পক্ষ থেকে অর্থ অপচয়ের অভিযোগে সিইসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার উদ্যোগের ব্যাপারে সংবিধান বিশেষজ্ঞ ড. এম জহির বলেছেন, রাষ্ট্রপতি ছাড়া রাষ্ট্রের সকল নাগরিকের বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা নেয়া যাবে, যদি আইনগত ব্যবস্থা গ্রহণ ও বিচারের যুক্তিযুক্ত কারণ থাকে।

তবে এ সকল পদে দেশের ক্ষমতাসীনদের নিযুক্ত ওইসব ‘অনুগত’ ব্যক্তিদের শাস্তি দেওয়া কঠিন হবে, তিনি বলেন।

একই ধরণের মন্তব্য করেন ব্যারিস্টার শফিক আহমেদও। তিনি বলেন, সাংবিধানিক পদধারি কোনো ব্যক্তি শপথ ভঙ্গ বা অর্থের অপচয় করলে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা যেতে পারে।

তিনি বলেন, কেউ যদি সিইসির বিরুদ্ধে এ ধরণের সুনির্দিষ্ট অভিযোগ আনেন এবং প্রমাণ করতে পারেন, তবে অবশ্যই শাস্তি হবে।