লেবাননে ত্রাণ সামগ্রী পাঠাবে সরকার, ৩০০ জনকে ফিরিয়ে আনার উদ্যোগ
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত লেবানন থেকে আটকে পড়া কিছু বাংলাদেশীকে ফিরিয়ে আনার উদ্যোগের পাশাপাশি সে দেশে আক্রান্ত নাগরিকদের জন্য ত্রাণ সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে খাদ্য সামগ্রী, ওষুধসহ চিকিৎসা সামগ্রী, তৈরী পোষাক ও কম্বলসহ কয়েক কোটি টাকার পণ্য সেখানে পাঠানো হচ্ছে। খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক সভায় বুধবার এ সিদ্ধান্ত চূড়ান্তহয়। তবে কত টাকার পণ্য লেবাননে পাঠানো হচ্ছে তা বৈঠকে নির্ধারিত হয়নি।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সভাপতিত্বে ওই সভায় সচিবসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখোপাত্র জহিরুল হক জানিয়েছেন, এ পর্যন্ত লেবাননে আটকে পড়া ৩০০ জন বাংলাদেশী দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন, যাদের মধ্যে ১৪০ জনকে আজকালের মধ্যেই সে দেশ থেকে সরিয়ে এনে সিরিয়ার কাছাকাছি কাফা সিফা ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওএম এ উদ্যোগ নিয়েছে।
জহিরুল হক জানান, কাফা সিফা থেকে তাদের সিরিয়ার রাজধানী দামেস্কে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে বিমান যোগে দেশে ফিরিয়ে আনা হবে।
ত্রাণ পাঠানোর বিষয়ে বৈঠক সূত্র জানায়, লেবানন সরকারের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার সেদেশে প্রায় ২০ হাজার কম্বল, ৫০০ টিন বিস্কুট, চা, চাল, ওষুধসহ চিকিৎসা সামগ্রী ও তৈরী পোষাক পাঠাবে। তবে লেবানন চাইলেও সুযোগ না থাকায় সেখানে অগ্নিনির্বাপক যন্ত্রসহ আরও কিছু সামগ্রী পাঠানো সম্ভব হবে না।
বৈঠক সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর বিমান যোগে এসব পণ্য পাঠানো হতে পারে। তবে সেখানে আটকে পড়া বাংলাদেশীদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) বিমানেও এসব পণ্য পাঠানো হতে পারে।
সভা শেষে মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন, “লেবাননে ইসরায়েলি হামলায় মানবিক বিপর্যয়ের কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে এসব পণ্য সেখানে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কি পরিমান পণ্য সেখানে পাঠানো হবে, তা এখনো নিশ্চিত হয়নি।”
তিনি বলেন, “লেবানন সরকার বাংলাদেশের কম্বল, খাদ্য সামগ্রী, চিকিৎসা সামগ্রী ও তৈরী পোষাকসহ বেশ কিছু জিনিস চেয়েছে। তবে আমরা আমাদের সাধ্যমত সেখানে সাহায্য পাঠাচ্ছি।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সেখানে আটকে পড়া বাংলাদেশীদের ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারছি না। তবে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) ইতোমধ্যে ২৫২ জনকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে।”
মন্ত্রী মানবিক বিপর্যস্ত লেবাননের মানুষের জন্য সাহায্য সামগ্রী পাঠাতে দেশের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
