বেবিচক এর চলমান উন্নয়ন কর্মকাণ্ডে পর্যটন প্রতিমন্ত্রীর সন্তোষ প্রকাশ
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চলমান উন্নয়ন কর্মকান্ড ও এর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন।
সদর দপ্তর পরিদর্শনকালে তিনি বেবিচক এর উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
প্রতিমন্ত্রী বিমানবন্দরকে দেশের প্রবেশদ্বার হিসেবে উল্লেখ করে বলেন, বিমান বন্দরের নিরাপত্তা, সৌন্দর্য বর্ধন ও আধুনিকায়নের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।
তিনি সব কর্মকর্তা ও কর্মচারির কাজে সন্তোষ প্রকাশ করে দেশ প্রেম, নিষ্ঠা ও দক্ষতার সাথে সংস্থার উন্নয়নে অবদান রাখার আহবান জানান।
মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ আলম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার-কমডোর একেএম হারুন চৌধুরীসহ সকল উর্দ্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
