উত্তরার হ্যাচং গার্মেন্টস খোলার দাবিতে শ্রমিকদের ঢাকা--ময়মনসিংহ মহাসড়ক আবার অবরোধ
রাজধানীর উত্তরা থানার চালাবন এলাকার মজিদ কমপ্লেক্সে অবস্থিত হ্যাচং গার্মেন্টস খোলার এবং শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে বুধবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা--ময়মনসিংহ মহাসড়ক আবার অবরোধ করেছে।
পুলিশ জানায়, হ্যাচং গার্মেন্টস খোলা এবং শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে শত শত নারী--পুরুষ শ্রমিক সকাল সাড়ে ১০ টার দিকে ফ্যাক্টরির সামনে জড়ো হয়ে প্রতিবাদ করে। মালিক পক্ষ ফ্যাক্টরি না খুললে বিক্ষুব্ধ শ্রমিকরা একটি মিছিল নিয়ে শাহ কবীর মাজার রোড হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা আজমপুর বাসস্ট্যান্ডে পৌঁছলে পুলিশ তাদেরকে বাধা দেয়। এসময় শ্রমিকরা উত্তরা থানায় প্রবেশ করতে চাইলে পুলিশি বাধার সম্মুখিন হয়।
শ্রমিকরা দ্বিতীয় দফায় মিছিল নিয়ে রাজলক্ষ্মী কমপ্লেক্স হয়ে টঙ্গি--আব্দুল্লাহপুর ব্রীজ হয়ে পুনরায় থানার সামনে অবস্থান নেয়ার চেষ্টা করলে পুলিশের সাথে তর্ক--বিতর্ক এবং ধাক্কাধাক্কি হয়। এসময় প্রায় ১৫ জন শ্রমিক আহত হয়।
এক পর্যায়ে পুলিশের বাধার মুখে শ্রমিকরা ফিরে গিয়ে সকাল ১১ টার দিকে ঢাকা--ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এর ফলে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
গার্মেন্টস শ্রমিকরা জানায়, মালিক তাদের পাওনা পরিশোধ না করে হঠাৎ করে ১৮ জুলাই অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করে।
এ ফ্যাক্টরিতে প্রায় ১৮০০ শ্রমিক কর্মরত ছিল। বর্তমানে ফ্যাক্টরি বন্ধ থাকার কারণে তারা মানবেতর জীবনযাপন করছে।
তারা আরও জানায়, ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার এবং প্রডাকসন ম্যানেজারের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসীরা শ্রমিকদের আন্দোলন দমানোর জন্য নানা রকম ভয়ভীতি দেখাচ্ছে।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়।
