২০০৫-- ০৬ অর্থবছরের রপ্তানি প্রবৃদ্ধি ১৯ বছরে দ্বিতীয় সর্বোচ্চ
১০৫০ কোটি মার্কিন ডলারের রপ্তানি আয় নিয়ে ২০০৫--০৬ অর্থবছরের রপ্তানি প্রবৃদ্ধি ১৯ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে থাকবে বলে আশা করা হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্র জানায়, ২০০৫--০৬ অর্থবছরে জুন--মে মেয়াদে ২১ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি নিয়ে মোট রপ্তানি আয় দাঁড়ায় ৯৪১ কোটি ০৫ লাখ ডলার।
দেশের রপ্তানির ধারাবাহিক হিসেব অনুযায়ী ১৯৯৪--৯৫ অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধি ছিল সর্বোচ্চ ৩৭ শতাংশ। ওই বছর মোট রপ্তানি আয়ের পরিমান ৩৫০ কোটি মার্কিন ডলার।
১৯৯৫--৯৬ অর্থবছর থেকে গত ১০ বছরে দেশের গড় রপ্তানি প্রবৃদ্ধি ছিল ১০ শতাংশ।
বাণিজ্য বিশেষজ্ঞরা বলেন, সামগ্রিকভাবে রপ্তানি হিসেব বিশ্লেষণ করে বলা যায়, গত অর্থবছরের রপ্তানি বৃদ্ধি ছিল দেশের রপ্তানি প্রবৃদ্ধির ধারারাহিক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ।
১৯৮৬-৮৭ অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধি ৩১ শতাংশ বেড়ে দেশে প্রথমবারের মত রপ্তানি আয়ের পরিমান দাঁড়ায় ১০০ কোটি ডলার। যদিও তার আগের অর্থবছর অথ্যাৎ ১৯৮৫-৮৬ অর্থবছরে ১২ দশমিক ৩১ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছিল, যা পরবর্তী অর্থবছরের মোট রপ্তানি আয় প্রবৃদ্ধি বাড়াতে ইতিবাচক ভূমিকা রেখেছে।
তিনি বলেন, গত অর্থবছরে নিটওয়্যার রপ্তানিতে প্রবৃদ্ধি ৯০ কোটি ডলার, যা মোট রপ্তানি আয়ের পরিমান বাড়াতে মূখ্য ভূমিকা পালন করে। তিনি আরো বলেন, চলতি অর্থবছর থেকে হয়ত নিটওয়্যার পণ্য হবে দেশের প্রধান রপ্তানি পণ্য।
ইপিবি সূত্র জানায়, গত তিন দশকের রপ্তানির ধারাবাহিক হিসেব অনুসারে প্রত্যেক দশকের মাঝামাঝি অর্থবছরে বড় ধরনের রপ্তানি প্রবৃদ্ধি ঘটে।
ইপিবি’র এক কর্মকতা জানান, ওভেন গামেন্টস ও নিটওয়্যার পণ্য রপ্তানি আয়ের উল্লেখযোগ্য পরিমান বাড়াতে গত অর্থবছরের মোট রপ্তানি আয়ের পরিমান বেড়েছে।
তিনি বলেন, প্রায় সব রপ্তানি পণ্যের আয় কমবেশি বাড়ালেও দেশের অন্যতম প্রচলিত পণ্য চায়ের ব্যাপক হারে রপ্তানি কমেছে।
আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন চিনের বস্ত্র রপ্তানির ওপর কোটা আরোপের কারণে দেশের এ খাতের রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হারে বেড়েছে।
১৯৮৬-৮৭ অর্থবছর থেকে গত বিশ বছর দেশে রপ্তানি আয়ের ১০০ কোটি ডলার থেকে গত অর্থবছরে ১০০০ কোটি ডলার বেড়েছে। এ সময়ে ওভেন গার্মেন্টস প্রধান রপ্তানি পণ্য থাকলেও চলতি অর্থবছরে এ খাত দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হিসেবে দাঁড়াতে পারে।
