২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঞ্চল্যকর তানিয়া ধর্ষণ মামলার রায়ে একমাত্র আসামীর বেকসুর খালাস

ঢাকার সিএমএম আদালতের পুলিশ কন্ট্রোল রুমে চার বছরের শিশু তানিয়া ধর্ষণ মামলার রায়ে একমাত্র আসামী ওবায়েদ মাতব্বর ওরফে মরাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2006, 08:30 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

এছাড়া তদন্তে গাফিলতির জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র তৎকালীন সহকারী পুলিশ সুপার মুজিবুর রহমানের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের জন্য আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকার ৩ নং নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক নূরুন্নাহার মঙ্গলবার একমাত্র আসামী ওবায়েদ মাতব্বরের উপস্থিতিতে মামলার এই রায় ঘোষণা করেন।

মামলার তথ্য অনুযায়ী, প্রায় আট বছর আগে ১৯৯৮ সালের ১০ মার্চ বিকেলে চার বছরের শিশু তানিয়া ঢাকার সিএমএম আদালতের পুরানো ভবনের দ্বিতীয় তলায় পুলিশ কন্ট্রোল রুমে ধর্ষণের শিকার হয়।

ঘটনার পর ঢাকা বারের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ হাসান তানিয়ার বিবরণ অনুযায়ী ছোট চুলের যে কোনো এক পুলিশকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেন। পরে অবশ্য পুলিশ শব্দটি এজাহার থেকে কেটে দেওয়া হয়।

প্রথমে একজন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের অধীনে মামলার বিচার বিভাগীয় তদন্ত হয়। পরে পুলিশ সিএমএম আদালতের উমেদার ওবায়দুর রহমান ওরফে ওবায়েদ মাতব্বর মরাকে ধর্ষক দেখিয়ে আদালতে চার্জশিট জমা দিলে গণমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ঢাকার ১ নং নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলার বিচার শুরু হয়। একপর্যায়ে এক মানবাধিকার কর্মী মামলায় সঠিক আসামীর বিরুদ্ধে বিচার হচ্ছে না অভিযোগ করে হাইকোর্টে একটি রীট আবেদন করেন। এর প্রেক্ষিতে হাইকোর্ট পুনরায় মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। কিন্তু ওই তদন্তেও তৎকালীন মহানগর হাকিম কাজী মেরাজ হোসেন ‘ প্রকৃত ধর্ষণকারীকে সনাক্ত করা সম্ভব হলো না ’ মন্তব্য লিখে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনটি নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পাঠিয়ে দেন। ফলে ওবায়দুর রহমানের বিরুদ্ধেই মামলা চলতে থাকে। এছাড়া ওবায়দুর রহমানের আইনজীবী এম এ কামরুল হাসান খানকেও পুলিশের পক্ষ থেকে বার বার হুমকি দেওয়া হয়।

মামলায় ৬৬ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষে ২০ জন এবং আসামী পক্ষে ৭ জন সাফাই সাক্ষ্য দিয়েছেন।

মামলার রায়ে বিচারক বলেছেন, মামলার তদন্তে যথেষ্ট ত্র“টি রয়েছে। আসামী সনাক্তকরণ মহড়া হয়নি এবং তদন্তকারী কর্মকর্তা ১৬১ ধারায় যথাযথভাবে জবানবন্দি রেকর্ড করেনি।

রায়ের পর খালাসপ্রাপ্ত আসামী ওবায়দুর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, বিনা অপরাধে আমার জীবন থেকে আটটি বছর হারিয়ে গেলো, এর জবাব কে দেবে?

এদিকে বাংলাদেশ মানবাধিকার সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই রায়কে দুঃখ ও লজ্জাজনক উল্লেখ করে বলা হয়েছে, এই রায়ের ফলে ক্ষতিগ্রস্ত কোনো সুবিচার পায়নি। সংস্থাটি মামলার তদন্তকে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ওই সময়ে কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানিয়েছে।