২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে পারে: তারো আসো (বিস্তারিত)

রাজনৈতিক স্থিতিশীলতা ও শাসনব্যবস্থার উন্নয়ন ঘটলে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়তে পারে বলে জানিয়েছেন সফররত জাপানি পররাষ্ট্রমন্ত্রী তারো আসো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2006, 05:15 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সফররত পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিয়েতনাম ও ভারতের মতো বাংলাদেশ জাপানি বিনিয়োগকারীদের কাছে তত পরিচিত নয়। তবে সুশাসন জোরদার ও রাজনৈতিক পরিস্থিতির উন্নয়ন ঘটলে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়বে।

তারো আসো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের সাথে এক বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা জানান।

বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর জোর দিয়ে তিনি বলেন, বাংলাদেশের শাসনব্যবস্থার উন্নয়নে জাপান তাদের সহযোগিতা অব্যাহত রাখবে।

এ ছাড়া বাংলাদেশ সরকার চাইলে আগামী সাধারণ নির্বাচনের সময় জাপান একটি নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে বলেও তিনি উল্লেখ করেন।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী সাধারণ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গণতন্ত্রের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর সাথে আলোচনায় আমি এ বিষয়ের ওপর গুরুত্ব দেব।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান সংবাদ সম্মেলনে বলেন, পদ্মা সেতু নির্মাণ, ভূগর্ভস্থ রেলপথ, গভীর সমুদ্র বন্দর এবং মনোরেল সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

তবে আলোচনা হলেও জাপানের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে সহযোগিতার ব্যাপারে সুনির্দিষ্ট কোনও প্রতিশ্র“তি মেলেনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারো আসো বলেন, পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক এবং বিশ্বব্যাংকের মতো দাতা সংস্থাগুলো অর্থ প্রদান করলে তখন সহযোগিতার ব্যাপারে আমরা চিন্তা করব।

গভীর সমুদ্র বন্দর স্থাপনের ব্যাপারে জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য এ ধরনের বন্দর অত্যন্ত জরুরি। তবে বাংলাদেশের দিক থেকে তাদের সুনির্দিষ্ট কোনও প্রস্তাব দেওয়া হয়নি। এ ব্যাপারে সুনির্দ্দিষ্ট প্রস্তাব পেলে জাপান সহযোগিতার বিষয়টি বিবেচনা করবে বলে তিনি জানান।

মনোরেল ও সাবওয়ের ব্যাপারে তিনি জানান, বাংলাদেশের মতো বন্যা ও পানির দেশের জন্য এটি ভালো কোনও বিষয় হবে না। তবে মনোরেলের ব্যাপারে সম্ভাব্যতা জরিপের ভিত্তিতে প্রণীত সুপারিশের ওপর তাদের সহযোগিতার বিষয়টি নির্ভর করবে বলে তিনি জানান।

বক্তব্যের শুরুতেই তারো আসো বলেন, তার দীর্ঘ ৪০ বছরের বন্ধু পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের আমন্ত্রণেই তিনি এবার বাংলাদেশে এসেছেন। তিনি বন্ধু হিসেবে আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে বাংলাদেশকে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশের জন্য জাপানি ঋণ ও সাহায্য অনেক বেড়েছে এবং জাপানি সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

জেএমবির শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রশংসা করে তারো আসো বলেন, বাংলাদেশকে সন্ত্রাস দমনে আরও সক্ষম করে তুলতে জাপান সহযোগিতা আরও বাড়াবে।

সার্কের চেয়ারম্যান থাকাকালে জাপানকে সার্ক’র পর্যবেক্ষক হিসেবে স্বীকৃতি দেওয়ায় তিনি বাংলাদেশকে ধন্যবাদ জানান।

উভয়পক্ষই আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আসিয়ান আঞ্চলিক ফোরামে বাংলাদেশের যোগদানের বিষয়টিকে স্বাগত জানিয়ে তিনি আঞ্চলিক এ ফোরামের অগ্রগতিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার ব্যাপারে বাংলাদেশের সমর্থনের বিষয়টি তিনি তার বক্তব্যে পুনর্ব্যক্ত করেন এবং উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

মোর্শেদ খান জানান, বাংলাদেশের দুঃসময়ে জাপান সবসময় পাশে ছিল। জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার যে আলোচনা হয়েছে এর চেয়ে সফল আলোচনা আর হয় না।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো আসো দু দিনের সফরে সোমবার রাতে বাংলাদেশে পৌঁছেন। সচিব (বহুপাক্ষিক) এএইচএম মনিুরুজ্জামান বিমানবন্দরে তাকে স্বাগত জানান। ১৯৮৭ সালের পর এই প্রথম জাপানের কোনও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর। দু’দিনের সফরকালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।