চাঁদপুরে আবারও গ্যাস
চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদুরপুর ইউনিয়নের পশ্চিম লোধারগাঁও গ্রামে আবারও প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জনৈক ইব্রাহিম মিজি’র ইরি জমিতে ড্রেজিং করার সময় পানির মধ্যে বুদ বুদ দেখতে পান। পরে গ্রামবাসী দিয়াশলাই ধরলে তাতে আগুন জ্বলে উঠে।
মিজি জানান, এর আগে ওই এলাকায় গভীর নলকূপ বসাতে গিয়েও প্রাকৃতিক গ্যাসের পাওয়া গিয়েছিল।
স্থানীয় রাজমিস্ত্রী মিজান জানান, ৩ -- ৪ মাস আগে মিজি’র জমি থেকে মাত্র ১৫০ গজ দূরে একটি গভীর নলকূপ বসাতে গিয়ে তিনি গ্যাসের সন্ধান পান।
তিনি আরও জানান, দেড় বছর আগে একই জমি থেকে মাত্র ৩০ গজ দূরেও গভীর নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছিলো।
ড্রেজিং মালিক দেলোয়ার বেপারী জানান, গত ৪দিন ধরে তিনি ওই জমিতে খননের কাজ করছেন। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই স্থানটিতে খননের কাজ চলার সময় পানিতে বুদ বুদ উঠতে ও গ্যাস বের হতে দেখা যায়। পরে তিনি একটি প্লাস্টিকের পাত্রে গ্যাস ভরে তাতে আগুন ধরিয়ে স্থানীয় লোকজনকে দেখান।
এ ব্যাপারে বিশেষজ্ঞদের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, এটা একটি গ্যাসের পকেট হতে পারে। এর বেশী কিছু নয়।
