আসিয়ান আঞ্চলিক ফোরামে শান্তিরক্ষা ও দুর্যোগপ্রস্তুতির অভিজ্ঞতা তুলে ধরবে বাংলাদেশ
আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণের মধ্য দিয়েই বাংলাদেশ এ ফোরামের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। আগামী ২৮ জুলাই কুয়ালালামপুরে পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে বাংলাদেশ শান্তিরক্ষা ও দুর্যোগপ্রস্তুতির ক্ষেত্রে নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরবে।
পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন সোমবার সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, বাংলাদেশ এই প্রথম এআরএফ এ যোগ দিতে যাচ্ছে। সেই হিসেবে আমরা এ ফোরাম থেকে আমাদের প্রত্যাশা এবং এর প্রতি আমাদের ভূমিকার বিষয়টি তুলে ধরব। তিনি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমাদের কার্যক্রম এবং সন্ত্রাস দমন ও প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের উল্লেখযোগ্য অর্জন রয়েছে। ফোরামে অংশ গ্রহণের মধ্যদিয়ে আমরা ফোরামের জন্য বৃহত্তর ভূমিকা রাখার আশা করি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান এআরএফ’এ অংশগ্রহণকারী বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন। এআরএফের ১৩ তম এ বৈঠকে সন্ত্রাস দমন ইস্যু মূল আলোচ্য হবে বলেও তারা জানান।
এবারের বৈঠকের মাধ্যমে রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যু এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে সংলাপ ও আলোচনাকে উৎসাহিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
গত বছরের জুলাইয়ে ভিয়েতনামে আসিয়ান আঞ্চলিক ফোরামের ১২ তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসিয়ান আঞ্চলিক ফোরামে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টিকে স্বাগত জানান। বাংলাদেশ আসিয়ান আঞ্চলিক ফোরামের ২৬ তম সদস্য।
আসিয়ানভুক্ত ১০ টি দেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইইউ, ভারত, জাপান, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, রাশিয়া, পূর্ব তিমুর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আসিয়ান আঞ্চলিক ফোরামে রয়েছেন।
সন্ত্রাস দমনের পাশাপাশি গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার রোধ, সমুদ্র নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের মতো বিষয়গুলো ফোরামের আলোচনায় স্থান পাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইস বৈঠকে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র দপ্তর সূত্র জানিয়েছে, বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র তৈরি এবং সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ইরানের পরমাণু কর্মসূচি এবং মায়ানমারে শান্তিপ্রতিষ্ঠার বিষয়টি অগ্রাধিকার পাবে।
আসিয়ান-ইউএস এনহেন্সড পার্টনারশিপ বাস্তবায়নের লক্ষ্যে একটি চুক্তিও স্বাক্ষর করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার নিয়ে উদ্বেগ রয়েছেÑ এমন ২৫টি দেশকে ১৯৯৪ সালে এ ফোরাম ঐক্যবদ্ধ করে তোলে। গড়ে উঠার পরপরই নিরাপত্তা সংলাপের ক্ষেত্রে এশিয়ায় এ ফোরাম একটি আদর্শ হয়ে ওঠে। আসিয়ানের সদস্য দেশগুলো হচ্ছে ব্র“নেই দারুস সালাম, ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং মায়ানমার।
