২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্ণোগ্রাফির শিকার হচ্ছে বাংলাদেশের মেয়েশিশুরা

লালমনিরহাট জেলার সদর থানার কিশোরী মেয়ে সিতারা (ছদ্মনাম)। স্কুলে আসা -- যাওয়ার পথে তার পরিচয় হয় মজিদা কলেজ কলোনি এলাকার বাহার মিয়ার ছেলে খোকনের সাথে। পরিচয় থেকে প্রেম।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2006, 04:55 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

একসময় বিয়ের প্রলোভন দেখিয়ে সিতারার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে খোকন। আর অন্তরঙ্গ মূহূর্তের দৃশ্যগুলো গোপনে ধারণ করে খোকনের অপর দুই বন্ধু।

ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর মানসিকভাবে ভেঙ্গে পড়ে সিতারা। বন্ধ হয়ে যায় তার স্কুলে যাওয়া। এমনকি পারিবারিকভাবেও সে নানারকম হয়রানির শিকার হয়। ক্রমেই সে সামাজিক প্রতিবন্ধী হয়ে উঠে। 

বিডিনিউজ এর লালমনিরহাট প্রতিনিধি জেলার এসপি মেজবাহ উদ্দিনের বরাত দিয়ে এই তথ্য জানান। জানা গেছে, গত ৩০ জুন প্রতারণার শিকার কিশোরীটির পিতার অভিযোগের পরিপ্রেক্ষিতে খোকনকে গ্রেফতার করা হয়েছে।

সিতারার ঘটনা কোনো একক বা বিচ্ছিন্ন ঘটনা নয়। তার মতো শত শত স্কুলগামী শিশু ও কিশোরী আজ ভয়াবহ পর্ণোগ্রাফির শিকার। প্রেমের ফাঁদে ফেলে পর্ণো ব্যবসায়ী চক্র গোপনে অন্তরঙ্গ মুহুর্তগুলোর দৃশ্যধারণ করে পরে তা বাংলাদেশের বাজারসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে। 

গবেষণা প্রতিষ্ঠান ইনসিডিন বাংলাদেশ এর তথ্য মতে, রাজধানীর বিভিন্ন বাজারে এখন “স্কুলগার্ল”, “বাংলাদেশী সুন্দরী : ৩৬ ও ৩৮”,  “বাংলাদেশী স্টার”, “ডেডলি ডেটিং” নামের সিডিগুলোতে প্রাপ্ত বয়স্কদের পাশাপশি ১৪ থেকে ১৫ বছর বয়সী মেয়ে শিশুদের ব্যবহার করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, তথ্যপ্রযুক্তির বিকাশ ও সহজলভ্যতা, আইন প্রয়োগকারী সংস্থার এক শ্রেণীর অসাধু কর্মকর্তা আর কর্মচারিদের সহযোগিতা এবং আইনের সীমাবদ্ধতার কারণে দ্রুতই এই ভয়াবহ ব্যবসা ছড়িয়ে পড়ছে রাজধানী থেকে উপজেলা পর্যায়ে। সর্বগ্রাসী এই ব্যবসায় ধ্বংস হয়ে যাচ্ছে অনেক পরিবার। ভেঙে যাচ্ছে সামাজিক ভারসাম্য।

একটি সূত্র জানায়, মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ব্যাপক চাহিদা থাকার কারণেই এই অবৈধ বাণিজ্য রাজধানীর গন্ডি পেরিয়ে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে পড়েছে। প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন  উপায়ে ধারণ করা মেয়েশিশুদের এসব পর্ণো সিডির কপি আইন প্রয়োগকারী সংস্থার নাকের ডগায় এখন রাজধানীর ব্যস্ততম বাংলাবাজার, গুলিস্তান, পাটুয়াটুলি, স্টেডিয়াম পাড়া, নিউমার্কেট সংলগ্ন স্থানগুলো, মগবাজার, ইস্কাটন, ফার্মগেট, মীরপুর, যাত্রাবাড়ি মোড়সহ বিভিন্ন এলাকায় দেদারসে বিক্রি হচ্ছে ।

গুলিস্তান স্টেডিয়াম মাার্কেটের ফুটপাতের এক সিডি/ভিসিডি ব্যবসায়ী জানান, সাধারণত ছোট মেয়েদের পর্ণো সিডির চাহিদা বেশি। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, শুধু কিশোর যুবকরাই না, মধ্য বয়সী লোকরাও এসব সিডির ক্রেতা। 

কলাবাগান এলাকার একটি ভিডিও দোকানের কর্মচারি জানান, বিদেশী পর্ণো ছবির পাশাপাশি বাংলাদেশে তৈরি সিডির ব্যবসা এখন জমজমাট।

কিন্তু আশ্চর্যের বিষয় হলো শিশুদের পর্ণোগ্রাফিতে ব্যবহার প্রতিরোধে বাংলাদেশে কোন সুস্পষ্ট আইন নেই।

শুধু বাংলাদেশেই নয়, ইন্টারপোল এবং যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান “সেন্টার ফর মিসিং এন্ড এক্সপ্লয়টেড চিলড্রেন (আইসিএমইসি)” এর সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ইন্টারপোলের ১৮৪টি সদস্য দেশের ৯৫টি দেশে শিশু পর্ণোগ্রাফি সংক্রান্ত বা এর প্রতিরোধে সুস্পষ্ট ও কার্যকর কোনও আইন নেই।

ওয়েবসাইট এর তথ্য মতে, ইন্টারপোল এর সদস্য দেশগুলোর মধ্যে ১৩৮ টি দেশে মেয়েশিশুদের পর্ণোগ্রাফিতে ব্যবহার করাকে সুস্পষ্টভাবে অপরাধ হিসেবে গণ্য করা হয় না। এছাড়া ১২২টি দেশে ইন্টারনেট এবং কম্পিউটারের মাধ্যমে পর্ণোগ্রাফি তৈরির বিষয়ে কোনই আইনই নেই।

ইন্টারপোলের হিসেব অনুযায়ী পর্ণোগ্রাফি সংক্রান্ত মোট ৩৪০,০০০ টি ওয়েবসাইট রয়েছে। যাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের পর্ণোগ্রাফিও রয়েছে। এসব পর্ণোগ্রাফিতে বড়দের পাশাপাশি কন্যাশিশুদেরও ব্যবহার করা হয়েছে।

এদিকে শিশু পর্ণোগ্রাফি প্রতিরোধে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে কঠোর আইন প্রণয়ন করা হয়েছে। এসব আইন শিশু পর্ণোগ্রাফি প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর শক্তি বাড়িয়ে দিয়েছে।

ওয়েবসাইট এর তথ্য মতে, পর্ণোগ্রাফি প্রতিরোধে ইন্টারপোল তার সদস্যদেশগুলো নিয়ে ইন্টারন্যাশনাল রিসোর্স সেন্টার (আইআরসি) নামে একটি ইন্টারনেট-বেসড ডাটা তৈরির কাজ চলতি বছরের শেষে শুরু করতে যাচ্ছে। এ লক্ষ্যে মাইক্রোসফট এর সহায়তায় ইন্টারপোল এ পর্যন্ত ৮৯টি দেশের আইন প্রয়োগকারী সংস্থার ১,৩২২ জন সদস্যকে প্রশিক্ষণও দিয়েছে।

তবে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার অনেকেই এ সম্পর্কে ওয়াকিবহাল নয়। 

গোয়েন্দা বিভাগের ঢাকা মেট্রোপলিটন এর সহ--উপকমিশনার শহীদুল ইসলাম বিডিনিউজকে জানান, ইন্টারপোল এ ধরনের ব্যবসা সনাক্ত ও প্রতিরোধের জন্য মাইক্রোসফটের সহযোগিতায় যে ৮৯ দেশের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সহায়তা দিয়েছে, তার জানা মতে বাংলাদেশের কোন সদস্য এতে অন্তর্ভূক্ত ছিল না।

মানবাধিকার কর্মী এবং সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট দিলরুবা শারমিন এ ঘটনাকে ভয়াবহ উল্লেখ করে বলেন, শিশু পর্ণোগ্রাফি প্রতিরোধে কোন সুস্পষ্ট ব্যাখ্যা বাংলাদেশের আইনে নেই, যে কারণে এই ঘটনা দিন দিন বাড়ছে।

শহীদুল ইসলাম জানান,  মাঝে মাঝেই স্টেডিয়ামসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় ডিবি। অভিযান বন্ধ হয়ে গেলেই শুরু হয় আবার ব্যবসা।

এ পর্যন্ত ৮৫০০ পর্ণো সিডি উদ্ধার করেছে। সাধারণত বিভিন্ন হোটেল ও ভাড়া করা বাড়িতে এসব পর্ণোগ্রাফি তৈরি হয় বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া এক শ্রেণীর সাইবার ক্যাফে ব্যবসায়ীও টিনএজ ছেলে --মেয়েদের ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ করে দিয়ে লুকানো ক্যামেরায় ধারণ করে তা বাজারজাত করে বলেও শহীদুল জানান।