দুটি বইয়ের মোড়ক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, এ ক্ষেত্রে সৃজনশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই। রাষ্ট্রপতি জনগণের মধ্যে প্রটোকল সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির প্রেস সচিব এম মোখলেসুর রহমান চৌধুরী’র লেখা “সমকালীন সাংবাদিকতা” ও “প্রটোকলের নিগড়” বই দুটির মোড়ক উন্মোচনকালে একথা বলেন।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম বলেন, সৃজনশীল সাংবাদিকতা বিকাশে সরকার সম্ভব সবকিছু করবে। প্রটোকল কেবল সরকারের বিষয়ই না, সাম্প্রতিককালে জনগণও এতে সম্পৃক্ত হচ্ছে।
রাষ্ট্রপতি সাংবাদিকতা ও প্রটোকল সম্পর্কে জনসাধারণের মধ্যে আরও বেশি প্রচারের ওপর গুরুত্বারোপ করে বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশের স্বার্থে এক্ষেত্রে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় রাষ্ট্রপতির সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী এবং বঙ্গভবনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
