নিরাপত্তার জন্যই শায়খ রহমান ও বাংলা ভাইকে সাব-জেলে রাখা হয়েছে : বাবর
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রোববার বলেছেন, কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলগুলোতে পর্যাপ্ত জায়গা এবং যথাযথ নিরাপত্তার অভাবেই জেএমবি নেতা শায়খ রহমান ও তথাকথিত বাংলা ভাইকে বিশেষ সাব-জেলে রাখা হয়েছে।
সাব-জেল ব্যবস্থা বিষয়ে রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সর্ব্বোচ্চ নিরাপত্তায় তাদের সাব-জেলে রাখা হয়েছে, কারণ শায়খ রহমান ও বাংলা ভাই উভয়েই অতি স্পর্শকাতর মামলার আসামী যা বিশ্বব্যাপী বহুল আলোচিত।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জেল কোড লংঘন করে তাদের দুজনকে অতিরিক্ত সুবিধা প্রদানের অভিযোগ প্রত্যাখান করে বলেন, সাব-জেল ব্যবস্থা এদেশে ও অপর দেশগুলোতে নতুন কিছুই না।
তিনি বলেন, আমাদের মাত্র ৮৩টি কনডেম সেল রয়েছে, যেখানে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীর সংখ্যা নয় শতাধিক। এ ছাড়া কারাগারগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত আট থেকে দশগুণ বেশি কারাবন্দি রয়েছে।
কারা মহাপরিদর্শকও ওই অভিযোগ প্রত্যাখান করে বলেন, সরকারের সিদ্ধান্ত ও প্রচলিত আইন অনুযায়ীই শায়খ রহমান ও বাংলা ভাইকে বিশেষ সাব-জেলে রাখা হয়েছে।
