জাতীয় গ্রিডে আংশিক বিপর্যয়: বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, ব্যাপক লোডশেডিং
জাতীয় গ্রীড লাইনের আশুগঞ্জ -- কুমিল্লা সেকশনে মেরামত কাজের সময় ৪৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ৩টি ইউনিট ও ঘোড়াশালে ২১০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় রোববার বিকেল থেকে সারা দেশে ব্যাপক লোডশেডিং হয়েছে।
পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি) সূত্র জানায়, দুপুর ১২টা ৩৫ মিনিটের সময় কুমিল্লা -- আশুগঞ্জ ২৩০ কেভি সর্বোচ্চ বিদ্যুৎ সঞ্চালন লাইনটি কারিগরি মেরামতের জন্যে বন্ধ করা হয়। এতে ২১০ মেগাওয়াট ক্ষমতার ঘোড়াশাল চার নম্বর ইউনিট এবং আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ১৫০ ও ৮০ মেগাওয়াট ক্ষমতার আরো দুটো ইউনিট সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়।
এছাড়াও সকাল ১১টা ৫০ মিনিটে টেকনিক্যাল কারণে ঘোড়াশালের ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে সারা দেশে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা নেমে আসে দু‘ হাজার মেগাওয়াটে।
দুপুর ১২ টা ৫২ মিনিটে আশুগঞ্জের বিকল সঞ্চালন লাইনটি চালু করা হয়। এরপর বিকেল ৪ টা পর্যন্ত চেষ্টা বিকল বিদ্যুৎ ইউনিটগুলো চালু করা গেলেও তাতে ক্ষমতা অনুযায়ী উৎপাদন সম্ভব হচ্ছেনা বলে সূত্র জানায়। রাতে অপর ইউনিটটিও চালু করা হয়।
কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত ঘোড়াশালের ২১০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি অকেজো রয়েছে।
সারাদেশে প্রকৃত হিসেবে প্রতিদিন দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকছে। কারণ কমবেশি ১৫ টি ইউনিট বন্ধ থাকছে নিয়মিত। এরমধ্যে রোববার তিনটি বড় বিদ্যুৎ ইউনিট বন্ধ হয়ে গেলে দেশে সার্বিক বিদ্যুৎ ব্যবস্থা ভেঙ্গে পড়ে।
দিন ও রাতে সারাদেশে বিদ্যুৎ পরিস্থিতি ছিল অসহনীয়। দিনের বেলা বিদ্যুৎ না থাকার কারণে পেট্রোল ও সিএনজি স্টেশনগুলোতে তেল ও গ্যাস বিক্রি বিঘিœত হয়। এছাড়া রাজধানী ঢাকার সব এলাকায় ব্যাপকহারে লোডশেডিং করা হয়। কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট ছিল অসহনীয়।
পিডিবি জানায়, রোববার দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ৪ হাজার ১০০ মেগাওয়াট। কিন্তু পিডিবি সর্বোচ্চ উৎপাদন ছিল ৩০৩৩ মেগাওয়াট।
পিডিবি‘র একটি সূত্র দাবি করেছে যে, সব কয়টি কেন্দ্র উৎপাদনে ফিরে আসলেও সরবরাহে স্বাভাবিকতা ফিরে আসতে আরো কয়েক ঘন্টা সময় লাগবে।
