সার্ক পর্যবেক্ষক হতে ইইউ’র আনুষ্ঠানিক আবেদন
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পর্যবেক্ষক হওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন সার্ক সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে।
জানা গেছে, পর্যবেক্ষক হওয়ার আবেদন জানিয়ে ইউরোপীয় কমিশন ডেলিগেশন পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে। সার্কের চেয়ারম্যানশিপ বাংলাদেশে থাকায় আবেদনটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
কূটনৈতিক সূত্র জানায়, ইইউ সার্ককে সমর্থন করে এবং এ অঞ্চলে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল (সাফটা) চুক্তি বাস্তবায়নের বিভিন্ন দিকও পর্যবেক্ষণ করে থাকে।
একজন কর্মকর্তা বলেন, সার্ক এবং ইইউ এর মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক সৃষ্টি হওয়ার ব্যাপক সুযোগ রয়েছে এবং এক্ষেত্রে দুই গ্রপের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশ, ভূটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকাকে নিয়ে সার্ক প্রতিষ্ঠার ২০ বছর পেরিয়ে গেলেও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিমত ও সন্দেহের কারণে খুব বেশি দূর এগোতে পারেনি।
২০০৫ সালের নভেম্বরে ঢাকা সম্মেলনে আফগানিস্তানকে সার্কের সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হয়।
চীন এবং জাপান ২০০৫ সালেই পর্যবেক্ষক হিসেবে মনোনয়ন লাভ করে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সার্কের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছে।
১৯৯৬ সালে ইউরোপিয়ান কমিশন ও সার্কের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওই সমঝোতা স্মারকে বাণিজ্যিক বিভিন্ন বিষয় অন্তর্ভূক্ত ছিল।
