২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. এস তাহের আহমেদ খুনের আসামী সালেহীকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়ায় উপাচার্যের পদত্যাগ দাবি করলেন রাকসুর সাবেক ১৩ ভিপি, জিএস

রাবি’র ড. এস তাহের আহমেদ খুনের আসামী সালেহীকে বিশেষ ক্ষমতাবলে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ’র (রাকসু) ১৩ জন সাবেক ভিপি, জিএস শনিবার উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

রাকসু’র ওই ১৩ জন সাবেক ভিপি, জিএস এক যুক্ত বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম ও পরীক্ষা সংক্রান্ত বিধি লঙ্ঘন করে উপাচার্য ড. আলতাফ হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক, ভু--তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা ড. এস তাহের আহমেদ হত্যা মামলার অন্যতম আসামী, শিবিরের রাবি সভাপতি মাহবুবুল আলম সালেহীকে ‘বিশেষ ক্ষমতাবলে’ মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহনের জন্য ফরম ফিল আপের অনুমতি দিয়েছেন। যা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫৪ বছরের গৌরবোজ্জল ইতিহাসে কলঙ্কজনক ও নিন্দনীয় ঘটনা।

তারা উপচার্যের পদত্যাগ দাবি করে বলেন, বর্তমান উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫ হাজার ছাত্র--ছাত্রীর অভিভাবক থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। আত্মসম্মানবোধ থাকলে উপাচার্যের পদ থেকে অবিলম্বে তার পদত্যাগ করা উচিত।

বিবৃতিতে স্বাক্ষরদাতারা হলেন- রাকসুর সাবেক ভিপি আব্দুর রাজ্জাক, বায়েজিদ আহমেদ, অধ্যাপক আবু সাইয়ীদ, মোঃ আব্দুর রহমান, মোঃ হায়দার আলী, মীর শওকত আলী (বাদশা), নুরুল ইসলাম ঠান্ডু, ফজলে হোসেন বাদশা ও রাগীব আহসান মুন্না এবং জিএস সরদার আমজাদ হোসেন, শামসুল হক টুকু, জাহাঙ্গীর কবীর রানা ও রুহুল কুদ্দুস বাবু।