নানা দাবিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা, কর্মচারিদের আন্দোলন কর্মসূচি ঘোষণা
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ফ্যাসিলিটিজ) বিভিন্ন প্রকল্পের ২৩১ জন কর্মকর্তা ও কর্মচারি তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর এবং ৩৮ মাসের বকেয়া বেতন--ভাতার দাবিতে ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী বিক্ষোভ, সমাবেশ ও প্রতিদিন দু’ঘন্টার অবস্থান ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেছে।
এছাড়া ২৯ জুলাইয়ের মধ্যে তাদের দাবি মানা না হলে ৩১ জুলাই থেকে প্রধান প্রকৌশলীর দপ্তরের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
শিক্ষা ভবনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের সামনে শনিবার অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পরে কর্মকর্তা কর্মচারিদের একটি বিক্ষোভ মিছিল শিক্ষা ভবন প্রদক্ষিণ করে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রকৌশলী সমিতির সভাপতি জসিমউদ্দিনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক সেলিম হোসেন, সিরাজুল ইসলাম, কর্মচারি সমিতির আবুল কালাম আজাদ, প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক শাহীন আহমেদ রবিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত প্রধান কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ, ২৫ থেকে ২৯ জুলাই পর্যন্ত একই সময়ে প্রধান কার্যালয়সহ আঞ্চলিক কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ এবং ৩১ জুলাই থেকে প্রধান কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট।
