জাবি’তে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে হল প্রভোস্টের পদত্যাগ দাবি, অবাঞ্ছিত ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার গভীর রাতে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে শহীদ সালাম বরকত হল প্রভোস্টের পদত্যাগ দাবী করে হলের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে।
সূত্র জানায়, ছাত্রদল কর্মীদের হাতে তিন ছাত্রলীগ কর্মী প্রহৃত হয়েছে খবর পেয়ে বৃহস্পতিবার মধ্যরাতে হল প্রভোস্ট একেএম শাহনেওয়াজ ও আবাসিক শিক্ষক আব্দুল্লাহ হেল কাফী হলে আসেন। এসময় হল প্রভোস্ট সাধারণ শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার পর সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতা-কর্মীরা বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগে হল প্রভোস্টের পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল সমাবেশ করে। এসময় তারা হল প্রভোস্টকে অবাঞ্চিত ঘোষণা করে।
প্রহৃত ছাত্রলীগ কর্মীরা হলো জাফর, রেজা ও রনি। তবে ছাত্রদল তাদের প্রহারের বিষয়টি অস্বীকার করেছে।
হল প্রভোস্টের পদত্যাগ দাবী বিষয়ে ছাত্রদল শাখা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, মেয়াদোত্তীর্ণ ও দূর্নীতিবাজ প্রভোস্টকে হলে ঢুকতে দেওয়া হবে না।
