ফেনীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ১২
ফেনীর দাগনভূঁঞা উপজেলার বিডিআর গেট এলাকায় শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং শিশুসহ ১২ জন আহত হয়েছে।
নিহত টেম্পো চালক আব্দুল করিম (৩৫) পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষ্মিয়ারা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে বিডিআর গেটের রাস্তার পাশে একটি সিএনজি টেম্পো দাঁড়িয়ে যাত্রী তুলছিলো। এসময় পিছন থেকে আসা দ্রুতগামী একটি বাস টেম্পোটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই টেম্পো চালক নিহত যায়।
আহত যাত্রীদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সকলেই দাগনভূঁঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের বাসিন্দা।
অপরদিকে এক মাস আগে ফেনীর চান্দিনায় সড়ক দুর্ঘটনায় আহত ফেনী আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি টিটু শুক্রবার সকালে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহমেদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুর রহমান তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
