কর্নেল তাহেরের ৩০তম মৃত্যুবার্ষিকী শুক্রবার
কর্নেল তাহেরের ৩০তম মৃত্যুবার্ষিকী শুক্রবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।
এ উপলক্ষে বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি নিয়েছে। তাহের সংসদ বিকেল ৪টায় টিএসসি মিলনায়তনে ‘কর্নেল তাহের হত্যাকাণ্ডের বিচার: আন্দোলন ও আইনি প্রক্রিয়া’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে।
১৯৭১--এর মুক্তিযুদ্ধে অংশ নিয়ে কর্নেল তাহের তাঁর একটি পা হারান। ১৯৭৬ সালে তৎকালীন সরকার তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেয়।
বিশিষ্ট মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুল্জ ওই আলোচনা সভায় বক্তব্য রাখবেন। এছাড়া উপস্থিত থাকবেন গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং তাহের সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস।
তাহের সংসদের সভাপতি কামাল লোহানী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং পদাতিক নাট্য সংসদের নাটক ‘কথা ৭১’--এর প্রদর্শনীর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।
কর্নেল তাহেরের স্ত্রী বেগম লুৎফা তাহেরের লালমাটিয়ায় বাসভবনে বাদ মাগরিব মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
