২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই বিস্ফোরণের ঘটনায় বিশ্ব নেতৃবৃন্দের ক্ষোভ প্রকাশ অব্যাহত

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত জি-৮ সম্মেলনে অংশগ্রহণকারী দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নেতৃবৃন্দ ১১ জুলাই মুম্বাইয়ে বোমা বিস্ফোরণে বহু লোক হতাহত হওয়ার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2006, 07:12 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাজিল, ভারত, চীন, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকার নেতৃবৃন্দসহ, সিআইএস রাষ্ট্রনেতাদের কাউন্সিলের চেয়ারম্যান, আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসমুহের নেতৃবৃন্দরা এই বোমা হামলায় আক্রান্ত ব্যক্তিবর্গ ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তারা বলেন, ‘মুম্বাই এবং ভারতের অন্যান্য স্থানে সংঘটিত এই বর্বরোচিত সন্ত্রাসী হামলায় আমরা ক্ষুব্ধ। এই ঘটনায় আমরা একতাবদ্ধ হয়ে ভারত সরকার ও তার জনগণের পাশে এসে দাঁড়িয়েছি এবং এই পাশবিক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি’।

নেতৃবৃন্দ সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের সব ধরনের যুদ্ধ চালিয়ে যাবার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বলেন, ‘এ ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী, সংগঠক, পরিচালক এবং মদদকারী- সবার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সবসময়ই প্রস্তুত। সন্ত্রাসবাদ নির্মূল করা আমাদের দায়িত্ব এবং আন্তর্জাতিক আইনের আওতায় বিশেষ করে আন্তর্জাতিক মানবাধিকার আইন, উদ্বাস্তু আইন এবং মানবতাবাদী আইন অনুসারে আমরা এই সব পদক্ষেপ গ্রহণ করবো’।

নেতৃবৃন্দরা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে ভারতের সাথে একাত্ম হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন সংগ্রাম চালিয়ে যাবার কথাও ঘোষণা করেন।