২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকার অভাবে বিমানের ১১ টি ইঞ্জিন বিদেশ থেকে আনা যাচ্ছে না, ২টি ডিসি -- ১০ বিমানও তিন মাস ধরে অচল

টাকার অভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ১১ টি ইঞ্জিন বিদেশ থেকে আনা সম্ভব হচ্ছে না। পরীক্ষা -- নিরীক্ষা শেষে এসব ইঞ্জিন বিদেশ থেকে ছাড়িয়ে আনতে প্রায় ১৩০ কোটি টাকা প্রয়োজন বলে বিমান সূত্রে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2006, 06:27 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

এদিকে ইঞ্জিনের অভাবে বিমানের দুটি সচল ডিসি -- ১০ উড়োজাহাজকে তিন মাস ধরে হ্যাঙ্গারে বসিয়ে রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, উড়োজাহাজ সঙ্কটের কারণে বিমানের ফ্লাইট শিউিডল রক্ষা করাই এখন দায় হয়ে পড়ছে। ফলে যাত্রী দুর্ভোগ প্রতিনিয়তই বেড়ে চলেছে।

খোঁজ নিয়ে জানা যায়,  মাস তিনেক আগে বিমানের ডিসি -- ১০ উড়োজাহাজের ১০ টি ইঞ্জিন জার্মানীতে এবং একটি ইঞ্জিন কেএলএম’র কাছে পরীক্ষা-নিরীক্ষা করতে দেওয়া হয়। অনেক আগেই কাজ শেষ হয়ে গেলেও নগদ টাকার তীব্র সংকটের কারণে বিমান কর্তৃপক্ষ এগুলো আনতে পারছেন না।

জানা যায়, বিমানের ১২টি উড়োজাহাজের মধ্যে ২৫ থেকে ৩০ বছরের পুরনো উড়োজাহাজও রয়েছে। মার্কিন উড়োজাহাজ নির্মাতা সংস্থা ম্যাকডোনাল ডগলাস অনেক আগেই ডিসি -- ১০ নির্মাণ বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক বাজারে এসব উড়োজাহাজের যন্ত্রাংশও এখন খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়েছে।

বিমানের একজন দায়িত্বশীল কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজকে জানান, উড়োজাহাজ বহরের পাঁচটি ডিসি -- ১০ এর মধ্যে এখন সচল রয়েছে মাত্র তিনটি। অন্যদিকে ইঞ্জিনের অভাবে তিন মাস ধরে হ্যাঙ্গারে অলস বসে আছে আরো দুটি ডিসি -- ১০।

তিনি বলেন, সচল তিনটি ডিসি -- ১০ ও চারটি এয়ারবাস দিয়ে আমরা কোনোরকমে        আন্তর্জাতিক ফ্লাইট শিডিউল চালাচ্ছি। এর মধ্যে দু/একটি উড়োজাহাজে আবার যান্ত্রিক ত্র“টি দেখা দিলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠে। বাকী যে তিনটি এফ -- ২৮ উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন করা হচ্ছে, সেগুলোও প্রায়ই অচল হয়ে পড়ে।

তিনি আরো বলেন, বিমানের উড়োজাহাজ বহরে অত্যাধুনিক উড়োজাহাজ যোগ করা না হলে এসব সঙ্কট কাটবে না।

এদিকে ফ্লাইট অনুসন্ধান সূত্র জানায়, বৃহস্পতিবারই বিমানের তিনটি আন্তর্জাতিক রুটের ফ্লাইট সর্বোচ্চ ২৪ ঘন্টা থেকে ন্যুনতম এক ঘন্টা পর্যন্ত বিলম্বিত হয়। কুয়েত -- চট্টগ্রাম রুটের বুধবারের ফ্লাইট প্রায় ২৪ ঘন্টা পর বৃহস্পতিবার রাত ১০টায় নির্ধারণ করা হয়। চট্টগ্রাম -- মাসকাট রুটের বেলা পৌণে ১২ টার ফ্লাইট বেলা সোয়া ১২ টায় ও ঢাকা -- দিল্লী রুটের বেলা দেড়টার ফ্লাইট বেলা আড়াইটায় ছেড়ে যায়।

এছাড়া যান্ত্রিক ত্র“টির কারণে বিমানের রোমে আটকা পড়া উড়োজাহাজটি প্রায় ৪৮ ঘন্টা পর বুধবার দেশে ফিরেছে। 

উল্লেখ্য, বিমান ১৩ টি উড়োজাহাজ দিয়ে ২৬ টি আন্তর্জাতিক ও সাতটি অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন করে।