ডিভি ভিসা লটারির প্রাথমিক বাছাইয়ে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ আবেদনকারী নির্বাচিত
এবারের ডিভি ভিসা লটারির প্রাথমিক বাছাইয়ে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ আবেদনকারী নির্বাচিত হয়েছেন। লটারির মাধ্যমে ১৭৫ টি দেশের নির্বাচিত মোট ৮২ হাজার আবেদনকারীর মধ্যে ৫হাজার ৯ শ জনই হচ্ছেন বাংলাদেশী।
ডাইভারসিটি ভিসা লটারি বা ডিভি ভিসা নামে পরিচিত এই লটারির মাধ্যমে প্রতিবছর পৃথিবীর বিভিন্ন দেশের ৫০ হাজার নাগরিককে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়। এবছর পৃথিবীর ১৭৫টি দেশ থেকে মোট ৫৫ লাখ মানুষ এই ভিসার জন্য আবেদন করেছিল বলে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী লটারির মাধ্যমে ১৭৫টি দেশের ৮২ হাজার আবেদনকারীকে প্রাথমিকভাবে বাছাই করে তাদের চূড়ান্ত আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। অনেক আবেদনকারীর চূড়ান্ত আবেদনে সাড়া দিতে ব্যর্থ হবার সম্ভাবনা থাকায় শেষপর্যন্ত নির্ধারিত ৫০ হাজার আবেদনকারীকেই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য ভিসা প্রদান করা হবে।
মার্কিন সরকার সেদেশে পৃথিবীর বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠির সহাবস্থান ঘটানোর জন্য প্রতিবছর এই ডিভি লটারির মাধ্যমে সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য ভিসা প্রদান করে থাকে। যুক্তরাষ্ট্রে যেসব দেশের অধিবাসী তুলনামূলকভাবে কম বসবাস করে সেসব দেশকেই এই লটারির জন্য বেশী প্রাধান্য দেওয়া হয়।
এবছর প্রাথমিক বাছাইয়ে যারা নির্বাচিত হননি তারা এবারের ডিভি ভিসার জন্য আর কোনো আবেদন করতে পারবেন না। এবছরের শেষে অনুষ্ঠেয় নতুন ডিভি লটারির জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে।
বাংলাদেশ ব্যতিত এশিয়ার দেশগুলোর মধ্যে নেপালের ১৫ শ’রও বেশী আবেদনকারী এবং ইরানের ১৩ শ’র বেশী আবেদনকারী প্রাথমিক বাছাইয়ে ভিসার জন্য নির্বাচিত হয়েছেন।
আফ্রিকার ৫০টি দেশকে আবেদনের জন্য সুযোগ দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া থেকে সর্বোচ্চ ৯ হাজার ৮ শ জনকে প্রাথমিক বাছাইয়ে ভিসার চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচন করা হয়েছে। এক্ষেত্রে মিশর এবং আফ্রিকার দরিদ্রতম দেশ ইথিওপিয়া যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। মিশর থেকে ৭ হাজার ২ শরও বেশী আর ইথিওপিয়া থেকে ৬ হাজার ৯ শত আবেদনকারীকে নির্বাচন করা হয়েছে।
সাবেক সোভিয়েত ইউনিয়নভূক্ত ও বর্তমানে স্বাধীন কয়েকটি দেশের জন্যও ডিভি লটারিতে আবেদনের সুযোগ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের ৭ হাজার ২ শরও বেশী নাগরিক এবার লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে ইউরোপের একমাত্র মুসলিম রাষ্ট্র আলবেনিয়া থেকে প্রায় ২ হাজার নাগরিক এবং বুলগেরিয়া থেকে ১৭ শ বুলগেরিয়কে ভিসার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
