২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়া বিনোদন ষ্পটে পাঁচ বছরে ৫০ ধর্ষণ, ৩০ খুন, ২০ অপহরণের ঘটনা ঘটেছে

রাজধানীর টঙ্গি থানাধীন আশুলিয়া বিনোদন কেন্দ্রে গত পাঁচ বছরে কমপক্ষে ৫০ ধর্ষণ, ৩০ খুন এবং ২০ অপহরণের ঘটনা ঘটেছে। খবর বিভিন্ন থানা সূত্রের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2006, 09:35 AM

Updated : 26 Apr 2022, 03:48 PM

সূত্র জানায়, স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতায় কিছু স্থানীয় সন্ত্রাসী, মাস্তান, চাঁদাবাজ, ডাকাত, ছিনতাইকারী, পকেটমার এবং অপহরণকারীদের নিয়ন্ত্রণে রয়েছে।

আশুলিয়া বিনোদন কেন্দ্রটিতে ২৫ জন সন্ত্রাসী পাঁচটি দলে বিভক্ত হয়ে পুরো এলাকাটি নিয়ন্ত্রণ করছে। সন্ধ্যা ঘনিয়ে এলেই তারা খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণ এবং ধর্ষণসহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় বলে স্থানীয়রা অভিযোগ করেছে।

আশুলিয়া বিনোদন কেন্দ্রটি রাজধানী ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ঢাকার তুরাগ নদীর পশ্চিম পাশে অবস্থিত। স্থানটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বিশেষ করে কেন্দ্রের চারপাশে কেবল পানি আর পানি। এটা আশ্চর্য অনুভূতি সৃষ্টি করে।

প্রতিদিন সকাল-সন্ধ্যা শিশু, তরুণ-তরুণী, যুবক-যুবতী, মাঝবয়সী এবং বৃদ্ধসহ শত শত মানুষ এলাকাটি দেখতে আসে। এছাড়া বিশেষ করে ছুটির দিনগুলোতে দর্শনার্থীদের মিলন মেলা বসে।

সূত্র জানায়, প্রতিদিন আশুলিয়া বিনোদন কেন্দ্রে ঘুরতে আসা দর্শনার্থীদের মধ্যে কেউ না কেউ স্থানীয় সন্ত্রাসী, মাস্তান এবং চাঁদাবাজের হাতে নাজেহাল হচ্ছে।

সূত্র আরও জানায়, সন্ধ্যা ঘনিয়ে এলেই আশুলিয়া এলাকায় আড্ডা জমে উঠে। আড্ডার আসরে চলে মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, বিয়ার ও বিদেশী মদ।

বিভিন্ন চটপটি, হালিম, আইসক্রীম ও ফাস্টফুডের দোকানদার ক্রেতাদের নিকট থেকে তাদের ইচ্ছামত টাকা দাবি করে।

স্থানীয়রা অভিযোগ করে সংশ্লিষ্ট থানা পুলিশ বড় ধরণের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলার কারনেই এলাকাটি অপরাধীদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে।

এ ব্যাপারে তুরাগ থানার ওসি নুরুল আমিন বিডিনিউজকে জানায়, আশুলিয়া বিনোদন কেন্দ্রটি পাঁচটি থানার সংযোগস্থল। ফলে সন্ত্রাসীরা নির্বিঘেœ তাদের অপরাধমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, তুরাগ থানার পুলিশ সোর্স প্রতি নিয়ত কাজ করে যাচ্ছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।