২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে ভারত

তৃতীয় রাউন্ড বিডিং এর আওতায় বাংলাদেশ বঙ্গোপসাগরের কোনো এলাকায় তেল গ্যাস অনুসন্ধানের প্রস্তুতি শুরু করেছে কি না তা জানতে চেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই তথ্য জানতে চাওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2006, 08:04 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

তৃতীয় রাউন্ড বিডিং প্রস্তুতি নিয়ে বুধবার অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে জ্বালানি সচিব এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, “বাংলাদেশ তার বৈধ সমুদ্রসীমায় তেল গ্যাস অনুসন্ধানের প্রস্তুতি নিচ্ছে। ফলে এই নিয়ে কোনো তথ্য আড়াল করার অবকাশ নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় চাইলে অবশ্যই ভারতকে এই তথ্য জানাতে পারে।”

এক প্রশ্নের জবাবে জ্বালানি সচিব বলেন, ভারত এবং মায়নমার আমাদের ব্লক দখল করে নিয়ে তেল গ্যাস অনুসন্ধান শুরু করেছে এমন সংবাদের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা জানতে চাওয়া হয়েছে।

ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ের সংশোধনী শেষে পেট্রোবাংলার চূড়ান্ত করা মডেল পিএসসি দলিল মূল্যায়ন করতে এই সভা আহ্বান করা হয়েছিল। সভায় ওই দলিল মূল্যায়ন শেষে আরো কিছূ পরিবর্তন করার বিষয়েও পেট্রোবাংলাকে পরামর্শ দেওয়া হয় ।

সূত্র জানায়, নতুন পরামর্শ সংযোজন করে আগামী মাসে এই দলিল চূড়ান্ত অনুমোদনের জন্যে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।

তেল গ্যাস অনুসন্ধানে নতুন উৎপাদন অংশীদারিত্ব চুক্তি (পিএসসি) স্বাক্ষরের বিষয় আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাগরে তেল গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে আগামী অক্টোবর মাসে টেন্ডার ডাকার জন্যে পেট্রোবাংলা কাজ করে যাচ্ছে।

সভায় জ্বালানি মন্ত্রণালয় ও পেট্রোবাংলার পদস্থ কর্মকর্তা ছাড়াও স্বরাষ্ট্র, পররাষ্ট্র, পরিবেশ ও বন, প্রতিরক্ষা ও বাণিজ্য মন্ত্রণালয় এবং নেভির  প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে নাসির উদ্দিন সাংবাদিকেদের জানান, তৃতীয় রাউন্ড বিডিং পর্যায়ে কেবলমাত্র সাগরের ২৭টি ব্লকে নিয়ে প্রস্তাব আহ্বান করা হবে। এর মধ্যে ২০টি ব্লক রয়েছে গভীর সাগরে।

তিনি জানান, গভীর সাগরের প্রতিটি ব্লকের আয়তন হবে ৩৩০০ বর্গ কিলোমিটার আর অগভীর সাগরের ব্লকগুলোর আয়তন হবে ৫০০০ বর্গ কিলোমিটার।

গত বছরের শেষভাগে সরকার সাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্যে তৃতীয় রাউন্ড বিডিং এ যেতে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে কাজ শুরু করে।