অব্যাহত লোড শেডিংয়ে অতীষ্ঠ খুলনাবাসীর বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে কালো পতাকা প্রদর্শন
খুলনা অঞ্চলের ২১ জেলায় অব্যাহত লোডশেডিং এর কারণে অতীষ্ঠ খুলনাবাসী বিদ্যুৎ প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব:) আনোয়ারুল কবীর তালুকদারকে দু’দফায় কালো পতাকা দেখিয়েছে।
মন্ত্রী বুধবার সকালে গোয়ালপাড়া ও দুপুরে বয়রায় বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করতে গেলে ওই দুই কেন্দ্রের সামনে নাগরিক ফোরামের সদস্যরা কালো পতাকা প্রদর্শন করেন।
এসময় নাগরিক ফোরামের সদস্যরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়ে শ্লোগান দেন।
এ ব্যাপারে মন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, বিদ্যুৎ না পাওয়ায় স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ খুলনাবাসী এটা করেছেন।
পরে মন্ত্রী স্থানীয় সাংবাদিক এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও সিবিএ নেতাদের সাথে এক বৈঠকে বিদ্যুৎ সমস্যার জন্যে প্রশাসনিক দূর্বলতাকে দায়ী করেন এবং আগামী ৩-৪ মাসের মধ্যে এ পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দেন।
মন্ত্রী বলেন, সুষ্ঠু গ্যাস সরবরাহ নিশ্চিত হলে টঙ্গীর ইউনিট থেকে বর্তমানে প্রাপ্ত ৪০ মেগাওয়াটের স্থলে ৮০ মেগাওয়াট এবং নতুন আরেকটি উৎপাদন কেন্দ্র চালু হলে আরও ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
তিনি জানান, ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। এর সুফল পাওয়া যাবে পরবর্তী সরকারের আমলে। ছয় মাস পরে দেশে এক ঘন্টার জন্যও লোডশেডিং হবে না বলে মন্ত্রী আশ্বাস দেন।
তিনি বিদ্যুৎ কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনাগত বেশকিছু ত্র“টি সনাক্ত করে অসন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যুৎ উৎপাদনকারী ইউনিট ১ ও ২ এর ম্যানেজার যথাক্রমে বিশ্বনাথ হালদার ও নিরাপদ সরকারকে প্রত্যাহার করে ঢাকায় নেয়ার নির্দেশ দেন। এ ছাড়া মন্ত্রী কেন্দ্রগুলোতে বিদ্যমান সমস্যাগুলো আগামী ২০ দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট দাখিল করারও নির্দেশ দেন।
প্রসঙ্গত, খুলনা অঞ্চলের ২১ জেলায় বর্তমানে বিদ্যুতের চাহিদা হচ্ছে ৬০০ মেগাওয়াট, কিন্তু সরবরাহ হচ্ছে সর্বোচ্চ ৩৬০ মেগাওয়াট। এর মধ্যে গোয়ালপাড়া কেন্দ্রের ১১০ ও ৬০ মেগাওয়াট উৎপাদনক্ষম ইউনিট দু’টি বন্ধ রয়েছে। এ দুটি ইউনিট যথাক্রমে ৭০ কোটি ও ৭ কোটি টাকা ব্যয়ে কিছুদিন আগে ওভারহলিং করা হয়েছিল। মন্ত্রী কেন্দ্র দু’টি দ্রুত চালু করার জন্যেও কর্মকর্তাদের আদেশ দেন বলে জানা গেছে।
