২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচী হত্যা মামলার পুনঃতদন্ত ও বিচারের দাবীতে জাতীয় কমিটির নতুন কর্মসূচি ঘোষণা

১০১ সদস্যবিশিষ্ট জাতীয় কমিটি উদীচী হত্যা মামলার পুনঃতদন্ত এবং বিচারের দাবীতে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার থেকে সারাদেশে মানববন্ধনসহ বিভিন্ন স্থানে জনসমাবেশের আয়োজন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2006, 05:04 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

রাজধানীতে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলন কমিটির আহবায়ক নাসিরউদ্দিন ইউসুফ নতুন এই কর্মসূচি ঘোষণা করে বলেন, যশোরের উদীচী হত্যা মামলার পুনঃতদন্ত এবং বিচারের দাবীতে তারা বৃহস্পতিবার বিকাল ৫ টায় ঢাকাসহ সারাদেশে এক ঘন্টার জন্য মানববন্ধন রচনা করবেন।

এ ছাড়া ২৭ জুলাই শুক্রবার সারাদেশে এবং ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৪ থেকে ৬ আগস্ট দেশের ৬৪টি জেলায় এবং ৫ আগস্ট রাজধানীর মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশের অয়োজন করা হবে।

নাসিরউদ্দিন বলেন, ‘ত্র“টিপূর্ণ ও অসম্পূর্ণ তদন্তের ভিত্তিতে তড়িঘড়ি করে ২৮ জুন উদীচী হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ২৩ জন আসামীকে বেকসুর খালাস দেওয়ায় আমরা ব্যথিত এবং ক্ষুব্ধ। তাই প্রতিবাদ সমাবেশ এবং আন্দোলনের মাধ্যমে আমরা সরকারের কাছে প্রকৃত দোষীদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি’।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে জাতীয় কমিটির সমন্বয়ক মাহমুদ সেলিম চৌধুরী  উপস্থিত ছিলেন।