এশিয়ান ইউনিভার্সিটি ক্যাম্পাসে ভাংচুর, কর্মকর্তারা অবরুদ্ধ
এশিয়ান ইউনিভার্সিটির আন্দোলনরত ছাত্ররা তাদের ২৪ দফা দাবি আদায়ের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখে বুধবার উত্তরা ক্যাম্পাসে ভাংচুর চালিয়েছে।
আন্দোলনরত ছাত্ররা ক্যাম্পাসে মিছিল বের করে। তারা ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় আসবাবপত্র ভাংচুর, গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশ ও কর্তৃপক্ষের ভাড়া করা ক্যাডারদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এশিয়ার ইউনিভার্সিটি অব বাংলাদেশের ছাত্ররা উত্তরার রোড নং- ৫, সেক্টর- ৭ এ অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে।
ছাত্ররা তাদের দাবি আদায়ের জন্য গত দুই দিন ধরে তাদের আন্দোলন চালিয়ে আসছে। তারা মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টারদের অবরুদ্ধ করে রাখে।
ছাত্রদের ২৪ দফা দাবির মধ্যে রয়েছে ভিসি ড. আব্দুল হাসান মোহাম্মদ সাদেক এবং অপর দুই শিক্ষক হেলাল এবং হাফিজ এর দুর্নীতি এবং অনৈতিক কার্যকলাপের জন্য অপসারণ এবং যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ।
ছাত্রদের অভিযোগ ছয় হাজার ছাত্রের জন্য মাত্র আটজন শিক্ষক নিয়োগ রয়েছে এবং পরীক্ষা চলাকালীন সময়ে পিয়ন এবং কেরানিরা পরিদর্শকের দায়িত্ব পালন করেছে।
তারা জানায়, প্রত্যেক ছাত্রকে প্রতি চার মাসের সেমিস্টারে ১৩ হাজার টাকা দিতে হয় এবং বিশ্ববিদ্যালয় থেকে ৪৬ কোটি ৮০ লাখ টাকা আয় হয়।
তাদের বিশ্ববিদ্যালয়ে কোনও যোগ্যতা সম্পন্ন শিক্ষক নেই বলে ছাত্ররা অভিযোগ করে।
অনেক ছাত্র অভিযোগ করে কর্তৃপক্ষ পুলিশ বাহিনী এবং ভাড়া করা ক্যাডার দিয়ে ভয় দেখিয়ে তাদের আন্দোলন বন্ধ করে দেবার চেষ্টা চালাচ্ছে। কিন্তু ছাত্ররা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানায়।
রেজিস্ট্রার জিয়াউদ্দিন আহমেদ সাংবাদিক এবং ছাত্রদের বলেন, বিকেলে ভিসি ক্যাম্পাসে আসবেন। তিনি আরও জানান ছাত্রদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হবে।
