২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অচলাবস্থার অবসানে বৈঠক বৃহস্পতিবার

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অচলাবস্থার আগামী বৃহস্পতিবার অবসান হতে পারে, শিক্ষামন্ত্রী ডা. এম ওসমান ফারুক মঙ্গলবার এ কথা বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2006, 08:34 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

“সরকার ইতিবাচক কিছু করতে চায় এবং আমরা ইতিমধ্যেই বিভিন্ন প্লাটফর্মের শিক্ষকদের সাথে কথা বলেছি” ডা. ওসমান ফারুক তার বাসভবনে সাংবাদিকদের সাথে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী সোমবার এ ব্যাপারে আলোচনার জন্যে শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী এবং অর্থ সচিবকে ডেকে পাঠান।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী ওই আলোচনার সিদ্ধান্ত সম্পর্কে না জানালেও বলেন, কয়েক দিনের মধ্যেই শিক্ষক নেতৃবৃন্দের সাথে আলোচনা হচ্ছে, হতে পারে তা বৃহস্পতিবারেই। 

মন্ত্রীর পদত্যাগের জন্যে শিক্ষকদের দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, যে কোন নাগরিকই যেকোন মন্ত্রীর পদত্যাগের দাবি জানাতে পারে, কিন্তু দাবি উত্থাপনের আগে শিক্ষকদের এ দাবির পেছনে উপযুক্ত যুক্তি দেখাতে হবে।

এদিকে শিক্ষক কর্মচারী ঐক্য জোট (সেলিম ভূঁইয়া) ধর্মঘটের দশম দিনে মুক্তাঙ্গনে একটি সভা করে। এতে শিক্ষক নেতৃবৃন্দ সরকারের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানান।

জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট তাদের শতভাগ সরকারি বেতন ভাতার দাবি অনতিবিলম্বে কার্যকর করতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে দেশব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে।

প্রস্তাব সম্পর্কে জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্টের আহ্বায়ক কাজী ফারুক আহমেদ বলেন, আলোচনার প্রস্তাব সময় ক্ষেপনের একটি উপায় মাত্র।

শিক্ষক কর্মচারি ঐক্য পরিষদ (আওয়াল সিদ্দিকী) বিডিনিউজকে জানায়, তাদের মূল বেতনের শতভাগ সরকার বহন করবে এমন ঘোষণা করার পরেই তারা আলোচনায় বসবে।