সিদ্ধিরগঞ্জ পিকিং পাওয়ার প্রকল্পে ২৭৫ মিলিয়ন ডলার দেবে বিশ্ব ব্যাংক
সিদ্ধিরগঞ্জ পিকিং বিদ্যুৎ কেন্দ্রের (এসপিপিপি) জন্যে আন্তর্জাতিক উন্নয়ন সমিতির (আইডিএ) মাধ্যমে ২৭৫ মিলিয়ন মার্কিন ডলারের ছাড় সুবিধাসম্পন্ন ঋণ সহযোগিতা দেবে বিশ্ব ব্যাংক। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৩৫০ মিলিয়ন ডলার।
ঢাকায় পাওয়া বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানা যায়, দুটি ১৫০ মেগাওয়াটের সিম্পল সাইকেল গ্যাস বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি হবে দেশের সর্বাধুনিক একটি বিদ্যুৎ কেন্দ্র।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রকল্পের মাধ্যমে বিশ্ব ব্যাংক দেশের বিদ্যুৎ ঘাটতি দূর করার ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করছে। এ প্রকল্পের মাধ্যমে দেশের বিদ্যুৎ গ্রিডে অতিরিক্ত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।
দেশে স্পষ্টতই পিক আওয়ারে বিদ্যুৎ ঘাটতি রয়েছে। পরিস্থিতির উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি মিলে বিদ্যুৎ খাতে ৭০০ বিলিয়ন টাকার বিনিয়োগ করা দরকার। কিংবা পরবর্তি দশ বছরে প্রতিবছর প্রায় ১০ বিলিয়ন ডলার হারে বিনিয়োগ করতে হবে।
বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মালিকানাধীন বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন কোম্পানির (ইজিসিবি) মালিকানায় থাকবে। বিদ্যমান ও নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলোর পরিচালনার জন্যে ইজিসিবি গঠন করা হয়েছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের একই ধরনের অপর একটি প্রকল্পের আওতায় সিদ্ধিরগঞ্জে ২৪০ মেগাওয়াটের কেন্দ্রটি ইজিসিবির মালিকানায় থাকবে।
