২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি’তে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা ২১ লক্ষাধিক টাকা ব্যয়ে অনিয়মের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো রকম রশিদ ছাড়া ২০০৫ -- ০৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ২১ লাখেরও বেশী টাকা ব্যয়ের স্বচ্ছতা নিয়ে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2006, 04:56 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

সূত্র জানায়, শিক্ষার্থীদের কল্যাণে ২৪টি বিভাগের উন্নয়ন তহবিল খাতে নিয়ম বর্হিভুতভাবে নেওয়া এ টাকা দিয়ে অধিকাংশ বিভাগে কতিপয় শিক্ষকদের সুবিধার্থে কম্পিউটার, ফ্রিজ, চেয়ার, টেবিলসহ অন্যান্য সরঞ্জামাদি কেনা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বিডিনিউজকে বলেন, শিক্ষার্থীদের উন্নয়নের নামে এসব অর্থ নেওয়া হলেও তা ব্যয় হচ্ছে একশ্রেণীর শিক্ষকদের জন্য।

গত ২৮ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৫ তম বার্ষিক সিনেট অধিবেশনে একাধিক সিনেট  সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে  নেওয়া এ টাকা চাঁদাবাজির নামান্তর।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক বিডিনিউজকে বলেন, বিভাগগুলোতে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো নিয়ম নেই।

একাধিক বিভাগীয় সভাপতি জানান, বিভাগীয় খেলাধুলা, নবীন বরন, সেমিনার লাইব্রেরির জন্য বই ক্রয় ও ল্যাবরেটরিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কম বরাদ্দ দেওয়ায় এই টাকা নেওয়া হয়েছে। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব খাতে প্রতি বছর পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়ে থাকে।

অনুসন্ধানে জানা যায়, চলতি ২০০৫ -- ০৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্ধারিত ফি বাদে শিক্ষার্থী প্রতি ব্যবসায় প্রশাসন বিভাগে সর্বোচ্চ ১০ হাজার টাকাসহ কম্পিউটার বিজ্ঞান বিভাগ ও প্রাণ রসায়নে তিন হাজার টাকা, ফার্মেসিতে দুহাজার ৬০০ টাকা, নাটক ও নাট্যতত্ত্ব এবং পরিসংখ্যানে আড়াই হাজার টাকা, প্রাণীবিদ্যা বিভাগে দুহাজার টাকা, পদার্থ বিজ্ঞানে এক হাজার ২০০ টাকা, বাংলা ও উদ্ভিদবিজ্ঞানে এক হাজার ১০০ টাকা এবং গণিত, রসায়ন, পরিবেশ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, নগর ও অঞ্চল পরিকল্পনা, ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং ইতিহাসে এক হাজার টাকা, আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগে ৭৫০ টাকা, অর্থনীতিতে ৭০০ টাকা, সরকার ও রাজনীতি, নৃবিজ্ঞান, ভূ -- তত্ত্ব এবং প্রতœতত্ত্ব বিভাগে ৫০০ টাকা করে নেওয়া হয়েছে। এ হিসেবে মোট ১৩ শতাধিক শিক্ষার্থীর কাছ থেকে ২১ লাখেরও বেশী টাকা নেওয়া হয়।