বান্দরবানে ম্যালেরিয়ায় এক যুবকের মৃত্যু, আক্রান্ত দুশতাধিক
পার্বত্য জেলা বান্দরবানে ম্যালেরিয়ায় গত তিন দিনে দুশতাধিক জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে সেরিব্রাল ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সোমবার রাতে এক যুবকের মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, গত তিন দিনে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় দুশতাধিক ব্যক্তি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ২৫ জনকে। দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসা ব্যবস্থা বরাবরের মতোই অপ্রতুল।
এদিকে বালাঘাটার বাসিন্দা আব্দুর রহিম (২২) সেরিব্রাল ম্যালেরিয়ার আক্রান্ত হয়ে সোমবার সদর হাসপাতালে মারা গেছে। নিহতর বাবা সাবেক পৌর কমিশনার আহম্মদ সৈয়দ।
জেলার লামা, থানচি, রোয়াংছড়ি এবং রুমা উপজেলায় ম্যালেরিয়া মারাত্মক আকারে ছড়িয়ে পড়লেও এসব এলাকায় এখনো কোনো মেডিকেল টিম পাঠানো হয়নি বলে জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানায়।
