২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২; ঢাকা - সিলেট মহাসড়ক অবরোধ

নরসিংদী সদর উপজেলার ভগিরাট এলাকায় ঢাকা--সিলেট মহাসড়কে মঙ্গলবার সকালে বিআরটিসির যাত্রীবাহী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে দুই সহোদর নিহত ও আরো দুজন আহত হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2006, 04:25 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

নিহতরা হলেন- ফিরোজ মিয়া (২৬) এবং তার বোন রীনা বেগম। আহতদের একজন ফিরোজ মিয়ার শিশুপুত্র নাজমুল (৮) এবং অপরজন স্থানীয় পাকিজা শিপিং মিলের শ্রমিক হেলেনা বেগম (২০)।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় মাধবদী প্রাইম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে ৯ টায় নরসিংদীগামী বিআরটিসির একটি বাস (ঢাকা মেট্রো ব - ১৪ - ০৩৮৫) পথচারী ওই চারজনককে চাপা দেয়।

দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। ঘটনার প্রতিবাদে তারা ঢাকা--সিলেট মহাসড়কে অবরোধ করে এবং ঘাতক বাসটি আটক করে ভাংচুর চালায়। এতে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ এলাকাবাসীর সাথে ধাওয়া--পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। বেলা ১২টার দিকে আবারো ঢাকা--সিলেট মহাসড়কে যান চলাচল শুরু হয়।