২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার, নোয়াখালী এবং চাঁদপুর থেকে ফেন্সিডিল, মদ ও ইউরিয়া সার উদ্ধার

সাভার, নোয়াখালী এবং চাঁদপুর থেকে যথাক্রমে ২৫০ বোতল ফেন্সিডিল, ৬০ বোতল মদ ও ১২শ’ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়েছে। পুলিশ মঙ্গলবার একথা জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2006, 10:28 AM

Updated : 26 Apr 2022, 03:48 PM

সাভার থানা পুলিশ জানায়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে টহল পুলিশ সাভারের আমিনবাজার ইউনিয়নের ঢাকা--আরিচা মহাসড়কের সালেপুর ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজের নোয়াখালী প্রতিনিধি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানিগঞ্জ থানা পুলিশ সোমবার দুপুর ২টার দিকে চাপ্রাশির হাট বাসস্ট্যান্ড থেকে ৬০ বোতল মদ উদ্ধার করে। মদ বহনকারী বেবিট্যাক্সিটি (নং--ঢাকা মেট্রো--থ--০২--৩৯০৫) পুলিশ আটক করলেও এর চালকসহ জড়িত ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজের চাঁদপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার বহরিয়া এলাকার মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে পুরানবাজার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে এক হাজার ২শ’ বস্তা ইউরিয়া সারসহ জোনায়েত এ্যান্ড জোবায়েদের পরিবহন এবং একটি স্টিলবডি ইঞ্জিনচালিত ২টি ট্রলার আটক করে। এসব সার চাঁদপুর থেকে বার্মা পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানায়।