২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতি মামলায় গ্রেপ্তারকৃত র‌্যাব কর্মকর্তার বিচার সামরিক আদালতে হচ্ছে

নগরীতে কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় প্রধান অভিযুক্ত র‌্যাবের করপোরাল বজলুর রশিদের (৪৮) বিচার অবশেষে সামরিক আদালতে হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব -- ১০ এর সহ অধিনায়ক মেজর মাহবুব উল আলম সোমবার গ্রেপ্তারকৃত বজলুর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছেন। তদন্ত শেষে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে বিশেষ সামরিক আদলতে আসামীর বিচার হবে।

এরই মধ্যে এমএইচসি অ্যাপারেলস’র কর্মকর্তা সুমন রেজার অভিযোগের ভিত্তিতে ওই মামলায় আসামী করপোরাল বজলুর বিরুদ্ধে পাঁচজনকে সাক্ষী করা হয়েছে। ডাকাতির মামলায় সোমবার সাক্ষীদের ভাষ্য নেওয়া হয়।

তবে র‌্যাবের উধ্বর্তন কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ডেমরার কাঁচপুর থেকে বুধবার ভোররাতে প্রায় ৭০ লাখ টাকার মালামালসহ কাভার্ড ভ্যান ডাকাতি হয়। এ ঘটনায় পুলিশ র‌্যাব করপোরাল বজলুসহ তার আরো সাতজন সহযোগীকে গ্রেপ্তার করে। পরে শনিবার আশুলিয়া রূপগঞ্জে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া এয়ারকুলার মেশিনারিজ ও গজ কাপড়সহ বেশীর ভাগ মালামাল উদ্ধার করা হয়।

সূত্র মতে, র‌্যাব কর্মকর্তারা প্রথমদিকে করপোরাল বজলুকে বাঁচানোর চেষ্টা করলে তা গণমাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রকাশিত হলে র‌্যাব কমকর্তারা গ্রেপ্তারকৃতকে শাস্তি দেওয়ার জন্য তৎপর হয়ে ওঠেন।