বরিশালে মেয়রের শাস্তি এবং ওয়ার্ড কমিশনারের ফাঁসির দাবিতে মহিলাদের বিক্ষোভ
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের শাস্তি ও স্থানীয় ওয়ার্ড কমিশনারের ফাঁসির দাবিতে সোমবার দুপুরে অর্ধশতাধিক মহিলা শহরে এক বিক্ষোভ মিছিল বের করেন।
সকালে র্যাবের ক্রসফায়ারে রতন মৃধার নিহত হওয়ার পিছনে মেয়র অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার এবং ওয়ার্ড কমিশনার অ্যাডভোকেট আতিকুর রহমানের সম্পৃক্ততার অভিযোগ এনে নগরীর জিয়া সড়কের মহিলারা দুপুর সোয়া ১টার দিকে এই মিছিল বের করেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, মেয়রের ভাই ওয়াহিদের সঙ্গে ট্যারা শাহজাহান নামে দুর্ধর্ষ এক সন্ত্রাসীর চাঁদার টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে শাহজাহানকে প্রকাশ্যে খুন করা হয়। তাদের ইন্ধনেই ট্যারা শাহজাহানের শ্যালক রতন মৃধাকেও হত্যা করা হয়েছে।
এই ঘটনার পর নিহত রতন মৃধার পরিবার এলাকার অর্ধশতাধিক মহিলা নিয়ে ক্রসফায়ারের নামে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন। তারা এই ঘটনার পিছনে জড়িত থাকার অভিযোগ তুলে মেয়রের শাস্তি এবং কমিশনারের ফাঁসির দাবি জানিয়ে শ্লোগান দেন।
এ ব্যাপারে মেয়রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এদিকে ওয়ার্ড কমিশনার আতিকুর রহমান সোমবার বিকেলে এক সন্ত্রাসবিরোধী সমাবেশ আহ্বান করেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, র্যাবের হাতে সন্ত্রাসী খুন হয়েছে। এর পিছনে আমার সম্পৃক্ততা কোথায়?
