নওগাঁ সীমান্তে বিডিআর -- বিএসএফ’র গুলিবিনিময়, ১ বাংলাদেশী নিহত
নওগাঁর সাপাহার সীমান্তে বিডিআর ও বিএসএফ’র মধ্যে অব্যাহত গুলিবিনিময়ের ঘটনায় এক বাংলাদেশী নিহত হয়েছে। রোববার গভীর রাত থেকে দুপক্ষে গুলি বিনিময় শুরু হয়। সোমবার দিনভরও গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে।
বিডিআর সূত্র জানায়, নিহতের নাম তোফাজ্জল হক কালু (৪৮)। তিনি বিডিআর’র লাইনম্যান ছিলেন।
তার বাড়ি সাপাাহারের দক্ষিণ পাতাড়ি গ্রামে।
সূত্র মতে, সাপাহার উপজেলার বামনপাড়া বিওপির পাশে নো ম্যানস ল্যান্ড থেকে প্রায় ৩০০ গজ দূরে ভারতীয় সীমানায় বিএসএফ গুলি করে কালুকে হত্যা করার পর তার লাশ নিয়ে যায়।
এ ঘটনার পর বিডিআর ও বিএসএফ পরিখা খুঁড়ে মুখোমুখি অবস্থান নেয়।
তবে ঢাকায় বিডিআর সদর দপ্তরের এক উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজকে জানান, নিহত ব্যক্তি আদৌ বিডিআর’র কোনো লাইনম্যান নন। চোরাই গরুর ব্যবসা তার মূল পেশা।
তিনি আরো জানান, ওই ঘটনার পর থেকে সাপাাহার সীমান্তে বিডিআর ও বিএসএফ মুখোমুখি অবস্থান নেয়। রোববার সারারাত ও সোমবার দিনভর দুপক্ষের মধ্যে থেমে থেমে গুলি বিনিময় হচ্ছে।
বিডিআর কর্মকর্তা জানান, দুপক্ষই সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে। পুরো সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
