রাজধানীর উত্তরায় গার্মেন্টস কারখানায় মালিক-শ্রমিকের সংর্ঘষ: আহত ২০
রাজধানীর উত্তরা দক্ষিণ খান ইউনিয়নের চালাবন গ্রামে মজিদ কমপ্লেক্স হ্যাচন কর্পোরেশন লিমিটেড গার্মেন্টস--এর ১ নং ইউনিটে মালিক-শ্রমিক সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় ২০ জন শ্রমিক আহত হয়েছে।
আহত শ্রমিকদের স্থানীয় ক্লিনিক এবং হাসপাতালে নেয়া হয়েছে।
শ্রমিকরা জানায়, রোববার রাতে উত্তরার ফায়েদাবাদ গ্রামে মিজানের রিক্সা গ্যারেজের সামনে বহিরাগত একদল সন্ত্রাসী কারখানার কয়েকজন শ্রমিককে স্থানীয় ক্লাবে ধরে নিয়ে বেধড়ক মারধর করে।
আহত শ্রমিকরা সকালে কাজে এসে অন্য শ্রমিকদের ঘটনাটি জানায়। সকাল ৮.৩০ টার দিকে বহিরাগত সন্ত্রাসীরা হ্যাচন কারখানায় এসে ইনচার্জ সিরাজের নেতৃত্বে দোতলায় গিয়ে অফিস কক্ষ ভাংচুর করে। এসময় গার্মেন্টস এর জিএম কামরুল ইসলাম, পিএম আব্দুল খালেক এবং সুপারভাইজার তাদেরকে মদদ দেয়।
ঘটনাস্থলে শ্রমিকরা এগিয়ে এলে তাদের সাথে কথা কাটাকাটি হয় এবং তা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। প্রায় ৩০ মিনিট ধরে এই ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ চলে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিক এবং মালিক পক্ষের সাথে আলোচনার পর শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। তবে মালিকপক্ষ আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছে।
উত্তরা থানার ওসি নাইমুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজকে জানান, এ নিয়ে পঞ্চমবার এই গার্মেন্টসে হামলা হলো।
শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পুরো গার্মেন্টস কারখানা ঘিরে রেখেছে।
