রাবি’তে ড. তাহের হত্যার আসামী শিবির নেতা সালেহীর অংশগ্রহণ নিশ্চিত করতে পরীক্ষার তারিখ পেছানোর অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তাহের হত্যা মামলার অন্যতম আসামী রাবি শিবির সভাপতি সালেহীর মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে আবারো পরীক্ষা পেছানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বিভাগীয় সভাপতি দাবি করছেন দুটি কোর্সের ক্লাস সম্পন্ন না হবার কারনে পরীক্ষার তারিখ পেছানো হয়েছে।
এদিকে সালেহীর ক্লাশে উপস্থিতির ব্যাপারে রোববার বিভাগীয় একাডেমিক কমিটির সিদ্ধান্ত পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। তবে সালেহীকে আদৌ মাস্টার্স পরীক্ষা দেওয়ার অনুমতি দেয়া হবে কিনা সেটি জানা যায়নি। রহস্যজনক কারণে বিভাগীয় সভাপতি সৈয়দ সামসুদ্দিন আহমেদ একাডেমিক কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত সাংবাদিকদেরকে জানাতে অপারগতা প্রকাশ করেন। তবে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, একেবারেই পড়ন্ত বেলায় তিনি চিঠি পেয়েছেন। তাই সামবার তা উপাচার্যের কাছে উপস্থাপন করা হবে।
ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের মাস্টার্স পরীক্ষা সোমবার থেকে শুরু হবার কথা থাকলেও কিন্তু সালেহীর ফরমে উপস্থিতির ঘর ফাঁকা থাকায় তাতে পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষর করেননি। উল্টো তিনি বিভাগীয় সভাপতি বরাবর উপস্থিতির ঘর ফাঁকা রাখার কারন জানতে চেয়ে চিঠি দেন।
অভিযোগ রয়েছে, সৃষ্ট জটিলতায় পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর ব্যতিত সালেহীর ফরম পুরন না হওয়ায় শিবির নেতারা উপাচার্যকে আবারো পরীক্ষা পেছানোর জন্য চাপ দেয়। ফলে সকল আয়োজন সম্পন্ন করে শুধূমাত্র সালেহীর পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করাতে পরীক্ষার তারিখ পিছিয়ে ১২ আগস্ট পুনঃনির্ধারণ করা হয়েছে। সূত্র থেকে সারা রছরে সালেহী মাত্র একটি ক্লাস করছে বলে নিশ্চিত হলেও বিভাগীয় চেয়ারম্যান রোববার সালেহীর ক্লাসে উপস্থিতির পরিমান ১৬ শতাংশ বলে দাবি করেন।
বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের পরীক্ষাদানের বিষয়ে রাবির বিধি মতে (ভলিউম ১, পৃষ্টা ১৩৫, ৭(এ), ২৭০তম সিন্ডিকেট অনুমোদন ১৮.০৫.২০০২) বলা আছে, মাস্টার্সের আবেদন করতে ৭৫ শতাংশ উপস্থিতি থাকতে হবে। বিশেষ ক্ষেত্রে (নূন্যতম ৬০ শতাংশ উপস্থিতি) প্রয়োজনীয় প্রমাণাদি, একাডেমিক কমিটির অনুমোদন এবং নন-কলেজিয়েট ফি প্রদান সাপেক্ষে কেউ বিশেষ বিবেচনায় পরীক্ষায় অংশ নিতে পারবে। ৬০ শতাংশ উপস্থিতির নিচে কোনক্রমেই কেউ পরীক্ষায় অংশ নিতে পারবে না। কিন্তু সালেহীর ক্ষেত্রে সে বিষয়টি এড়িয়ে গিয়েই তার আবেদন গ্রহণ করা হয়েছিল।
