বাগেরহাটে গণপিটুনিতে ১ জন নিহত, ধারালো অস্ত্র উদ্ধার
বাগেরহাটে চুরির দায়ে শেখ ওমর ফারুক (৩৫) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। শনিবার গভীর রাতে বাগেরহাট শহরের উপকন্ঠে কাড়াপাড়া গ্রামে এই গণপিটুনির ঘটনা ঘটে।
পুলিশ বলছে, নিহত ব্যক্তি চুরির দায়ে এর আগে দু’বার জেল খেটেছে। ঘটনাস্থল থেকে একটি রাম দা, ছুরি, মাছ ধরা কোচ, কালো মুখোশ ও দড়ি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার দিবাগত রাত ২টা নাগাদ কাড়াপাড়া গ্রামে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় ওমর ফারুক জনতার হাতে ধরা পড়ে। এসময় তার দুই সঙ্গী পালিয়ে যায়। গণপিটুনীতে গুরুতর আহত অবস্থায় ওমর ফারুককে রোববার সকালে পুলিশ বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।
বাগেরহাট থানার ডিউটি অফিসার এস.আই. হায়দার জানান, নিহত ওমর ফারুক বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের কুলিয়ার দাইড় গ্রামের শেখ রাহেন উদ্দিনের পুত্র। সে পুলিশের তালিকাভুক্ত না হলেও এর আগে চুরির দায়ে দুইবার জেল খেটেছে।
এই ঘটনায় স্থানীয় চৌকিদার আনিছুর রহমান অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।
