২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতি মামলায় গ্রেপ্তারকৃত র‌্যাব সদস্যকে আড়ালের চেষ্টা করা হচ্ছে-- র‌্যাব’র বিরুদ্ধে অভিযোগ

নগরীতে কাভার্ড ভ্যান ডাকাতি মামলার আট আসামির মধ্যে র‌্যাবের করপোরাল বজলুকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে র‌্যাবের উধ্বর্তন কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2006, 10:43 AM

Updated : 26 Apr 2022, 03:48 PM

ওই আসামিদের শনিবার গ্রেপ্তার করে প্রায় ৭০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার রাতে ওই ডাকাতির মামলায় র‌্যাবের করপোরাল বজলুকে আটক করার পর তার একাধিক সহকর্মী থানায় এসে পুলিশকে নানা কথা বলে তাকে বাঁচানোর চেষ্টা করেন। এমনকি এক পর্যায় তাকে ছিনিয়ে নেয়ারও চেষ্টা করা হয়।

সংশ্লিষ্ট প্যারাগন টেকনোক্রেসির একজন পরিচালক অভিযোগ করেন, বুধবার ভোর রাতে ডেমরার কাঁচপুরে র‌্যাবের পোশাক পরে দুর্বৃত্তরা কাভার্ড ভ্যান ডাকাতি করেছে, এ কথা কোনোভাবে র‌্যাব-- ১০ এর পদস্থ কর্মকর্তারা আমলে নেননি। তারা র‌্যাবের কোনো সদস্য এর সঙ্গে জড়িত থাকতে পারে না-- এমন কথা বলে তিনদিন সময় পার করে দেন।

পুলিশ জানায়, এদিকে র‌্যাবের করপোরাল বজলু ও তার আরো সাতজন সহযোগী গ্রেপ্তার হওয়ার পর বজলুর স্বীকারোক্তি অনুযায়ী ডেমরা থানা পুলিশ শনিবার দিনভর টঙ্গীর আশুলিয়া ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালায়। বিষয়টি আর চাপা থাকছে না দেখে র‌্যাবও ওই অভিযানে যোগ দেয়। পরে লুন্ঠিত এয়ারকুলার মেশিনারিজ ও গজ কাপড়ের অধিকাংশই বিভিন্ন চোরাই গুদাম থেকে উদ্ধার করা হয়।

অবশ্য বজলুকে মিডিয়ার কাছ থেকে বরাবরই আড়াল রাখা হয়। এমনকি ফটো সাংবাদিকরা যেনো তার ছবি তুলতে না পারে-- এ জন্যে অন্য আসামিদের সঙ্গে তাকে ডেমরা থানায় না রেখে আলাদাভাবে সূত্রাপুর থানায় রাখা হয়। সেখানে র‌্যাবের একাধিক পদস্থ কর্মকর্তা বজলুকে গভীর রাত পর্যন্ত ঘিরে রাখায় তাকে জিজ্ঞাসাবাদেও পুলিশকে বেগ পেতে হয়।

পরে র‌্যাবের ওই গ্রেপ্তারকৃত কর্মকর্তাকে সূত্রপুর থানায় আলাদাভাবে রাখা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লে রোববার দুপুরে ফটো সাংবাদিকরা সেখানে জড়ো হন। তাদের পীড়াপীড়িতে ছবি তোলা হয় আটককৃত র‌্যাব কর্মকর্তার।

তবে র‌্যাব’র মহাপরিচালক আজিজ সরকার বিডিনিউজ’র কাছে এ সব বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।