যশোর, ফেনী এবং চুয়াডাঙ্গায় ক্রসফায়ারে ৪ জন নিহত
যশোর, ফেনী এবং চুয়াডাঙ্গায় র্যাব ও পুলিশের পৃথক ক্রসফায়ারে রোববার ভোরে চারজন নিহত হয়েছে।
নিহতরা হচ্ছে - যশোরের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক নেতা হারুন--উর--রশীদ (৩৯) ওরফে হারু, আসলাম হোসেন (৩৪), ফেনীর আবু জাহিদ ওরফে আরজু এবং চুয়াডাঙ্গার নজিবুল ওরফে মজিবুল।
চরমপন্থি হারুন যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের আব্দুর রহমান ওরফে চুনী ডাকাতের ছেলে এবং আসলাম একই গ্রামের মোকাররম সর্দারের ছেলে।
বিডিনিউজের যশোর প্রতিনিধি জানান, র্যাব সদস্যরা শুক্রবার হারুন এবং আসলামকে ঢাকার সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করে। তাদেরকে র্যাব সদস্যরা শনিবার র্যাব-৬ এর কাছে হস্তান্তর করে।
গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী র্যাব হারুনকে সঙ্গে নিয়ে সদর উপজেলার চাঁচড়া এলাকা এবং আসলামকে নিয়ে ছোট শেখহাটি এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা চরমপন্থি দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
র্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় হারুন এবং আসলাম র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
র্যাব শেখহাটি এলাকা থেকে একটি পিস্তল উদ্ধার করেছে।
র্যাব জানায়, নিহত হারুন এবং আসলামের বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
বিডিনিউজের ফেনী প্রতিনিধি জানান, ফেনীর হাজারি রোডে র্যাবের ক্রসফায়ারে আরজু নিহত হয়।
র্যাব জানায়, আরজুকে শহরের উকিলপাড়ার নিজ বাড়ি থেকে শনিবার গ্রেপ্তার করা হয়।
আরজুর দেয়া স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সদস্যরা তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য হাজারি রোডে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা আরজুর সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
র্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় আরজু র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
বিডিনিউজের চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, আলমগঞ্জ উপজেলার গৌরহাটি এলাকার মহেশপুর সড়কের একটি পানের বরজে পুলিশের ক্রসফায়ারে সন্ত্রাসী নজিবুল নিহত হয়।
পুলিশ জানায়, নজিবুলকে আলমডাঙ্গার হাটওয়ালী এলাকা থেকে শনিবার গ্রেপ্তার করা হয়।
নজিবুলের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে সঙ্গে নিয়ে মহেশপুর পানের বরাজে অস্ত্র উদ্ধারের জন্য পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা নজিবুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় নজিবুল পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় নজিবুলকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, নিহত নজিবুলের বিরুদ্ধে চারটি হত্যাসহ আটটি মামলা রয়েছে।
