বরগুনা সরকারি কলেজে তালা, অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে ছাত্ররা
বরগুনা সরকারি কলেজের ছাত্ররা দশ দফা দাবিতে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে। ধর্মঘট আহ্বান করে তারা কলেজে তালা ঝুলিয়ে দেয়। এর আগে ছাত্ররা অধ্যক্ষ আব্দুল হালিমকে তার কক্ষে আটকে রাখে। এসময় তিনি অজ্ঞান হয়ে পড়েন।
ছাত্রদের দাবিগুলোর মধ্যে রয়েছে কর্মচারি কল্যাণ তহবিলের দুই লাখ টাকার হিসাব, কমন রুম খুলে দেওয়া, সংবাদপত্র পড়তে দেওয়া এবং আন্তঃকক্ষ খেলার আয়োজন করা।
ধর্মঘট চলাকালে ছাত্ররা এক সমাবেশের আয়োজন করে তাৎক্ষণিকভাবে আহসান হাবিব স্বপনকে আহ্বায়ক ও সহিদুল ইসলাম পলাশকে যুগ্ম আহ্বায়ক করে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ গঠন করেন।
এদিকে, ছাত্রদের দাবির ব্যাপারে কলেজের উপাধ্যক্ষ নির্মলেন্দু শীল জানান, দলীয় কোন্দল ও বহিরাগতদের উৎপাতে কলেজের কমন রুম, লাইব্রেরি, ক্রীড়ানুষ্ঠান ও স্যুভেনির প্রকাশ বন্ধ রয়েছে।
তবে কর্মচারি কল্যাণ তহবিলের দুই লাখ টাকার হিসাবের ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।
