বাংলাদেশ--ভারত যৌথ নদী কমিশন রাজনৈতিক খেলায় ব্যস্ত: যশোরে গণকনভেনশনে আলোচনকবৃন্দ
যশোরে শনিবার পরিবেশ বিষয়ক এক গণকনভেনশনের আলোচকরা বাংলাদেশ--ভারত যৌথ নদী কমিশনের সমালোচনা করে বলেছেন, ওই কমিশন রাজনৈতিক খেলায় ব্যস্ত।
এ দুই দেশে যখন যে সরকার থাকে, তারাই কমিশনকে নিজেদের স্বার্থে ব্যবহার করে বলে বক্তারা অভিযোগ করেন।
যশোর বিডি হলে আয়োজিত ‘ভৈরব নদের সংস্কার ও খনন: দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভবিষ্যত’ শীর্ষক দিনব্যাপী ওই গণকনভেনশনে সভাপতিত্ব করেন অধ্যাপক শরীফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত। মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক আফসার আলী।
কনভেনশনে অন্যদের মধ্যে আলোচনা করেন পরিবেশ বিষয়ক বেসরকারি সংগঠন বেলার পরিচালক সৈয়দ রেজওয়ানা হাসান, ওয়াটার পার্টনারশিপের ড. রেবা পাল, কোস্টাল ডেভোলপমেন্ট পার্টনারশিপের পরিচালক আশরাফুল আলম এবং বাপার রশিদুর রহমানসহ আওয়ামী লীগ, ওয়াকার্স পার্টি, জাসদ, ন্যাপ ও কমিউনিস্ট পার্টির স্থানীয় নেতৃবৃন্দ।
কনভেনশনে ভৈরব নদের দুই পারের বিভিন্ন গ্রামের বাসিন্দারা উপস্থিত ছিলেন।
আলোচকদের মধ্যে একজন কৃষক প্রতিনিধি বলেন, কনভেনশন না করে বরং বলেন-- কবে কোদাল নিয়ে নামতে হবে। আসুন নিজেরাই সংস্কার করি, নিজেরাই খনন করি।
আলোচকরা বলেন, নদ--নদীর উৎসমুখ থেকে ভাটি পর্যন্ত অবিলম্বে খনন না করা হলে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটবে। আমাদের ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন ধ্বংস হয়ে যাবে।
ফারাক্কাকে মরনফাঁদ উল্লেখ করে বক্তারা বলেন, এ বাঁধের কারণে ভারত ও বাংলাদেশের অভিন্ন ৫৭ টি নদ--নদী ধ্বংসের মুখে। এগুলোকে রক্ষা করতে আমাদের আন্দোলন চাঙ্গা করতে হবে।
আলোচকরা ওয়াপদাকে নদী ধ্বংসের প্রধান হোতা আখ্যা দিয়ে বলেন, নদী শাষনের নামে তারা অপরিকল্পিতভাবে ব্রিজ ও কালভার্ট তৈরি করছে।
