২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এআরএফের সদস্য হচ্ছে বাংলাদেশ

আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) সদস্য হচ্ছে বাংলাদেশ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে ১৮ জুলাই অনুষ্ঠেয় এআরএফের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সদস্য পদ লাভ করবে। পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সন্ত্রাস দমনের বিষয়টি প্রাধান্য পাবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন স্বার্থ, নিরাপত্তা ও রাজনৈতিক ইস্যুতে আলোচনা ও সংলাপকে উৎসাহিত করতে এআরএফের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এআরএফের ১৩তম বৈঠকে অংশ গ্রহণকারী বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান। গত বছরের জুলাইয়ে ভিয়েতনামে আসিয়ান আঞ্চলিক ফোরামের ১২তম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাংলাদেশকে এআরএফের ২৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টিকে স্বাগত জানানো হয় এবং এ ব্যাপারে সবাই সম্মতি জ্ঞাপন করে।

এআরএফ আসিয়ানভুক্ত ১০টি দেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, রাশিয়া, পূর্ব তিমুর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের একত্রিত করছে।

সন্ত্রাস দমনে সহযোগিতা ছাড়াও গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার রোধ, নৌনিরাপত্তার উন্নয়নের মতো বিষয়গুলোও আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে বলে সূত্র জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস এ বৈঠকে অংশ নেবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, এআরএফের বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পরমাণু কর্মসূচি, ইরানের পরমাণু কর্মসূচি এবং মায়ানমারের গণতন্ত্র উন্নয়নের বিষয়গুলো উত্থাপন করবে।

আসিয়ান--ইউএস এনহেন্সড পার্টনারশিপ বাস্তবায়নে মার্কিন যুক্তরাষ্ট্র একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার বুসানে ২০০৫ সালের নভেম্বরে এশিয়ান প্যাসিফক ইকনোমিক কো--অপারেশনের (এপিইসি) অর্থনৈতিক নেতাদের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বুশ এবং আসিয়ানভুক্ত দেশের নেতারা এ উদ্যোগের বিষয়ে প্রস্তাব রাখেন।

১৯৯৪ সালে ২৫ টি দেশ এআরএফ গঠনে এগিয়ে আসে। সংগঠনটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার ব্যাপারে তাদের তৎপরতা অব্যাহত রেখেছে এবং এশিয়ার নিরাপত্তার ব্যাপারে প্রধান সংগঠনে পরিণত হয়েছে।

আসিয়ানভুক্ত দেশগুলো হচ্ছে ব্র“নেই দারুস সালাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং মায়ানমার।