২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে র‌্যাব ও খুলনায় পুলিশের ক্রসফায়ার, নিহত ২

চট্টগ্রাম ও খুলনায় শনিবার ভোরে র‌্যাব ও পুলিশের পৃথক ক্রসফায়ারে দুজন নিহত হয়েছে। চট্টগ্রামে র‌্যাবের ক্রসফায়ারে এক ডাকাত এবং খুলনায় পুলিশের ক্রসফায়ারে এক চরমপন্থি ক্যাডার মারা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2006, 04:20 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

বিডিনিউজ চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামের বাকলিয়া থানার চর বাকলিয়া এলাকায় শনিবার ভোরে র‌্যাবের ক্রসফায়ারে মো. ইউসুফ ওরফে হাত কাটা ইউসুফ নামে এক ডাকাত নিহত হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার উত্তর শিকলবাহা এলাকা থেকে ইউসুফকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব সদস্যরা ভোর রাত ২টার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে কর্ণফুলীর চর বাকলিয়া এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ইউসুফের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

র‌্যাবও পাল্টা গুলি চালালে ক্রসফায়ারে পড়ে ইউসুফ ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা তিনটি বন্দুক ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে। ইউসুফের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে বলে র‌্যাব সূত্র জানিয়েছে।

বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, খুলনার তেরখাদা উপজেলার হাড়িখালী স্লুইচ গেট এলাকায় শনিবার ভোরে পুলিশের ক্রসফায়ারে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) রশীদ গ্র“পের ক্যাডার মিঠু মোল্লা নিহত হয়েছে।

তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যাসহ ৬টি মামলা রয়েছে। 

পুলিশ সূত্র জানায়, জেলার তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের মৃত সোনা মোল্লার ছেলে সন্ত্রাসী মিঠু মোল্লাকে শুক্রবার রাত আড়াইটায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধার ও তার সহযোগী সন্ত্রাসীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে উপজেলার হাড়িখালী স্লুইচ গেট এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় মিঠু পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে মারা যায়। 

পুলিশ ঘটনাস্থল থেকে একটি দো--নলা বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।

এ ঘটনায় তেরখাদা থানায় একটি মামলা হয়েছে।

লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।