ডেমরায় ছিনতাইয়ের ঘটনায় র্যাবসহ ৮ জন আটক, যৌথ অভিযান
নগরীর ডেমরা থানা পুলিশ প্রায় ৭০ লাখ টাকার মালামাল ছিনতাইয়ের দায়ে র্যাবের এক কর্মকর্তাসহ আটজনকে আটক করেছে।
পুলিশ জানায়, গত বুধবার ভোরে র্যাবের কয়েকজন সদস্য তাদের আরো কয়েকজন সহযোগীসহ ডেমরা থানা এলাকা থেকে একটি কভার্ড ভ্যান থেকে প্রায় ৭০ লাখ টাকার মালামাল ছিনতাই করে। কভার্ড ভ্যানটি চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় আসার পথে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ লাখ টাকার এয়ারকুলার মেশিনারিজ ও প্রায় ৩০ লাখ টাকার গার্মেন্টস কারখানার কাপড় ছিল।
ওই মামলায় পুলিশ এরই মধ্যে মোট সাতজনকে ডেমরার বিভিন্নস্থান থেকে আটক করে। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার সকালে আটক করা হয় র্যাবের করপোরাল বজলুকে।
পরে পুলিশ ও র্যাব -- ১০ আটককৃত করপোরাল বজলুকে নিয়ে মালামাল উদ্ধারে যৌথ অভিযানে নামে। তার স্বীকারোক্তি অনুযায়ী, টঙ্গী এলাকার বিভিন্ন গোডাউনে অভিযান চালানো হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত যৌথ অভিযান চলছে।
